হাইজ্যাক হওয়ার দেড় ঘন্টার মধ্যেই লরি উদ্ধার বাকুঁড়া পুলিশের

সোমনাথ বরাট, আমাদের ভারত, বাকুঁড়া,১৯ ডিসেম্বর: শনিবার হাইজ্যাক হওয়ার ঘন্টা দেড়েকের মধ্যে বাকুঁড়া পুলিশ ধরে ফেলল চার দুষ্কৃতি সহ হাইজ্যাক হওয়া দশ চাকার একটি লরি।

জেলা পুলিশ সুপার ধৃতিমান সরকার জানান, শনিবার বিকেল সাড়ে ৪ টে নাগাদ ওন্দার কালীসেনের কাছে ৬০ নম্বর জাতীয় সড়কে একটি ১০ চাকার লরি হাইজ্যাক করে ৪ জনের একটি ছিনতাইবাজ গ্যাং। লরিটি খড়্গপুর থেকে জাতীয় সড়ক ধরে পুরুলিয়ার দিকে যাচ্ছিল। ঝাড়খণ্ডের নাম্বার প্লেট লাগানো খালি লরিটি বাঁকুড়ার ওন্দা থানার কালীসেন থেকে হাইজ্যাক করা হয় বলে পুলিশের কাছে খবর আসে। এই খবর পৌঁছানোর পরেই জেলার সমস্ত সীমান্ত এলাকাগুলিতে নাকা চেকিং শুরু করে সংশ্লিষ্ট থানার পুলিশ। বিকেল ৫ টা ৪৫ নাগাদ বড়জোড়া থানার পুলিশ দুর্গাপুর ব্যারেজে হাইজ্যাক হওয়া লরিটি আটকায়। সেই সঙ্গে আরও একটি গাড়ি আটক করে পুলিশ। ওই গাড়িটিতেও ঝাড়খন্ডের নম্বর প্লেট লাগানো ছিল (নং জে এইচ-১০ সি এইচ ৭৭৮৮)। ওই গাড়িতে ৪ ব্যক্তি ছিলেন। তাদের কাছে তিনটি আগ্নেয়াস্ত্র সহ বেশ কিছু কার্তুজ উদ্ধার করে পুলিশ। পরে ৪ জনকেই গ্রেফতার করা হয়। ধৃতদের নাম কৃষ্ণ কুমার মিশ্র, অভয় রায়, সুধীর পটেল ও সোমনাথ বেহেরা। রবিবার তাদের বাঁকুড়া আদালতে তোলা হলে বিচারক জামিন মঞ্জুর না করে ২২ ডিসেম্বর পর্যন্ত জেল হাজতের নির্দেশ দেন।

আসামী পক্ষের আইনজীবী অনির্বাণ ব্যানার্জি বলেন, আমার মক্কেলরা সকলেই নির্দোষ। আগ্নেয়াস্ত্রগুলি লাইসেন্স প্রাপ্ত। ঘটনার সময় অভিযুক্তদের দামি ৪ চাকার গাড়িটিতে ধাক্কা মারে লরিটি। দেখা যায় অভিযুক্তরা এবং লরিটি ধানবাদের নিরিশা এলাকার। লরি মালিকের সঙ্গে ফোনে কথা বলে ক্ষতিপূরণের ব্যপারে লরিটিকে ফলো করতে করতে চার চাকার গাড়িটি যাচ্ছিল। ওদের বিরুদ্ধে মিথ্যা মামলা দেওয়া হয়েছে। পুলিশ সুপার জানিয়েছেন ঘটনার তদন্ত চলছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *