বিয়ের এক সপ্তাহের মধ্যেই ট্রেনের ধাক্কায় রহস্যজনক মৃত্যু পুরুলিয়ার যুবকের

সাথী দাস, পুরুলিয়া, ৬ মে: বিয়ের এক সপ্তাহের মধ্যেই ট্রেনের ধাক্কায় মৃত্যু হল এক যুবকের। এই অস্বাভাবিক মৃত্যুতে রহস্য দেখা দিয়েছে। মৃত যুবকের নাম বিষ্ণু পাশোয়ান। তার বাড়ি পুরুলিয়া পুরসভার ১৮ নম্বর ওয়ার্ডের রেনী রোড এলাকার সেকড়া পাড়ায়।

বছর ২৬ -এর ওই যুবক প্রতিদিনের মত প্রাত:ক্রিয়া সারতে ওই এলাকায় যায়। তার কিছু পরই এদিন ওই এলাকায় দক্ষিণ পূর্ব রেলের আদ্রা চান্ডিল শাখায় একটি সেতুর নীচে ওই যুবকের দেহ পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। ঘটনার খবর পেয়ে পুরুলিয়া জিআরপি ও মফ:স্বল থানার পুলিশ সেখানে পৌছায়। দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠায়।

পুলিশ তদন্তে নেমে প্রাথমিকভাবে মনে করছে ট্রেনের ধাক্কায় এই যুবকের মৃত্যু হয়েছে। গত রবিবার মৃত যুবকের বিয়ে হয়। তবে এটি দুর্ঘটনা না কি আত্মহত্যা তা জানার চেষ্টা করছে পুলিশ। একই সঙ্গে ওই যুবক কী কারণে ওই রেল সেতুর ওপরে গিয়েছিলো তা নিয়ে প্রশ্ন দেখা দিয়েছে। পারিবারিক কোনো অশান্তি না অন্য কিছু তাও খতিয়ে দেখছে পুলিশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *