অভিযোগের কয়েক ঘন্টার মধ্যেই ছিনতাই কান্ডের কিনারা করল জয়পুর থানার পুলিশ

সোমনাথ বরাট, আমাদের ভারত, বাঁকুড়া, ১৩ আগস্ট: অভিযোগ পাওয়ার কয়েক ঘন্টার মধ্যেই ছিনতাই কান্ডের কিনারা ও ছিনতাই চক্রের দুই পান্ডাকে গ্ৰেপ্তার করল জয়পুর থানার পুলিশ।

অতিরিক্ত পুলিশ সুপার গণেশ বিশ্বাস জানান, গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় কলকাতা নিবাসী জনৈক সুরজ গুপ্তা জয়পুর থানায় অভিযোগ করেন যে বুধবার রাত প্রায় বারোটা নাগাদ তিনি পুরুলিয়া থেকে কোতুলপুরের রামডিহাতে ফেরার সময় কিছু দুষ্কৃতি জয়পুর থানার নাচুর মোড়ের কাছে তার গাড়ি আটকায় এবং ভোজালি দেখিয়ে পাঁচ লাখ টাকা ছিনতাই করে নেয়। অভিযোগ পেয়ে জয়পুর থানার পুলিশ তদন্তে নামে এবং এই ঘটনায় জড়িত সন্দেহে দু’জনকে গ্ৰেপ্তার করে। তাদের কাছ থেকে ছিনতাই হওয়া কিছু টাকা উদ্ধার করে। আজ তাদের বিষ্ণুপুর আদালতে পেশ করা হয়। এই ঘটনায় জড়িত বাকি দুষ্কৃতীদের খোঁজে তল্লাশি চলছে বলে শ্রী বিশ্বাস জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *