আমাদের ভারত, জলপাইগুড়ি, ১৩ এপ্রিল: কমিটি ঘোষণার ২৪ ঘন্টার মধ্যে পঞ্চায়েত ভোটকে সামনে রেখে বৈঠকে বসলো জলপাই জেলা যুব তৃণমূল। বৃহস্পতিবার বাবুপাড়ার এক বেসরকারি ভবনে জেলার প্রত্যেক ব্লক সভাপতি ও যুব নেতা কর্মীদের নিয়ে বৈঠক হল। বৈঠকে উপস্থিত ছিলেন যুব তৃণমূলের জেলা সভাপতি সৈকত চট্টোপাধ্যায়, এছাড়াও জলপাইগুড়ি পুর এলাকার কাউন্সিলরদের একাংশ।
সামনেই পঞ্চায়েত ভোট, কেন্দ্র সরকারের একশো দিনের কাজের বঞ্চনা সহ একাধিক ইস্যুকে সামনে রেখে লড়াইয়ের ডাক দিল যুব তৃণমূল। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে একশো দিনের কাজ থেকে গ্রামের বাসিন্দাদের বঞ্চিত করা হচ্ছে। একশো দিনের কাজ ও পারিশ্রমিক গ্রামের মানুষের পাপ্য। সেই টাকা থেকে বঞ্চিত করছে কেন্দ্র সরকার। এর প্রতিবাদে রাজ্য থেকে কেন্দ্র সরকারকে এক কোটি চিঠি পাঠানোর উদ্যোগ করা হয়েছে। চিঠি দেওয়ার কাজের প্রক্রিয়া চলছে বলে দাবি যুব তৃণমূলের।
যুব তৃণমূলের জেলা সভাপতি সৈকত চট্টোপাধ্যায় বলেন, ৪৫ বছরের নিচে ভোটারের সংখ্যা প্রায় ৬৮ শতাংশ। অন্যদিকে ৫০ বছরের নিচে ভোটারদের সংখ্যা ৭১শতাংশ। এই ভোটারদের বিরোধীরা অন্য পথে যাতে না নিয়ে যেতে পারে সেই বিষয়ে আলোচনা করা হলো। পঞ্চায়েত ভোটে সিপিএম, কংগ্রেস, বিজেপিকে ল্যাজে গোবরে করার লক্ষ্যে কাজ করা হবে।”

