সুশান্ত ঘোষ, আমাদের ভারত, উত্তর ২৪ পরগণা, ১৯ আগস্ট: তৃণমূল নেতাদের মদতে যশোর রোডের পাশে পুকুর দখল করে বেআইনি নির্মাণ করার অভিযোগ উঠল দলীয় সমর্থকদের বিরুদ্ধে। ঘটনাটি উত্তর ২৪ পরগনার বনগাঁ থানার ছয়ঘড়িয়া গ্রাম পঞ্চায়েতের হরিদাসপুর এলাকার। বেআইনি নির্মাণের এই অভিযোগ বনগাঁ মহকুমা শাসকের কাছে জানিয়েছেন বিজেপির জেলা সভপতি দেবদাস মন্ডল। অভিযোগ পেয়ে ঘটনাস্থলে এসে নির্মাণ কাজ বন্ধ করলেন বনগাঁ ব্লকের ভূমি দফতরের আধিকারিকরা।
বিজেপির অভিযোগ, যশোর রোডের পাশে ব্যানার্জি বাড়ির পুকুর বেআইনিভাবে দখল করে নির্মাণের কাজ করাচ্ছেন শাসক দলের কিছু নেতা কর্মী। তৃণমূলের পাল্টা অভিযোগ, ওই এলাকায় অবস্থিত বিজেপির পার্টি অফিস বেআইনি ভাবে নির্মাণ করা হয়েছে, সে সময় কেউ বাধা দেয়নি। অভিলম্বে ওই অফিস ঘরও ভেঙ্গে দিতে হবে। বাসিন্দাদের বক্তব্য, এলাকায় বেশ কিছু বেকার যুবক রয়েছে, তারাই বেকারত্বের সমস্যা মেটানোর জন্য দোকান তৈরি করছিল। কোনো দখল হয়নি। পরবর্তী সময়ে যদি সরকারের এই জমির প্রয়োজন হয় তারা সরকারকে এই জমি ফিরিয়ে দেবেন।

বনগাঁ ব্লকের বিএলআর’ও সুমন্ত শীল বলেন, আমরা অভিযোগ পেয়েছি এবং ঘটনাস্থলে এসে কাজ বন্ধ করে দিয়েছি। এই বেআইনি নির্মাণ কাজে এলাকার ৫ থেকে ৬ জনের নাম আমরা পেয়েছি তন্দন্ত করে। পাশাপাশি আমরা একটা নোটিশ জারি করেছি যাতে উল্লেখ আছে ১০ দিনের মধ্যে এই পুকুর পাড়টিকে আগের রূপে ফিরিয়ে আনতে হবে ওই নির্মাণ ভেঙ্গে। অন্যদিকে এই নিয়ে বনগাঁ সাংগঠনিক জেলা তৃণমূলের সহ সভাপতি প্রসেনজিৎ ঘোষ জানিয়েছেন, এর সঙ্গে তৃণমূলের কোনো যোগ নেই। এলাকায় কিছু বেকার যুবক রয়েছে তারাই অর্থ উপার্জন করার জন্য সেখানে দোকান তৈরি করছিল। তিনি বলেন, ওই নির্মাণের পাশেই বিজেপির একটি পার্টি অফিস আছে সেটাও বেআইনি ভাবে নির্মাণ করা। ওটাও দেখা হোক।
আইন সকলের জন্য এক। তদন্ত হোক, যদি পার্টি অফিস বেআইনিভাবে তৈরি করা হয়েছে তাহলে সেটাও ভেঙ্গে দেওয়া হবে। তবে পুকুর পাড়ে যে বেআইনি নির্মাণ করা হয়েছে সেটা আগে বন্ধ হোক। তৃণমূলের এই পালটা অভিযোগ প্রসঙ্গে জানালেন বিজেপির জেলা সভাপতি দেবদাস মন্ডল।

