সুশান্ত ঘোষ, আমাদের ভারত, উত্তর ২৪ পরগণা, ১৫ মে: শাসক দলের মদতে প্রায় ২০০ বছরের পুরনো পুকুর ভরাট করছে প্রমোটাররা। এর প্রতিবাদে বিক্ষোভে শামিল হয় গ্রামের কয়েকশো পরিবার। সোমবার উত্তর ২৪ পরগনার গাইঘাটা থানার বাগনা এলাকার ঘটনা।
বাসিন্দাদের দাবি, এ ব্যাপারে অভিযোগ জানানোর পরেও পুলিশ প্রশাসন ও প্রধান কোনও পদক্ষেপ করেননি। শেষমেশ এ দিন বিডিও’র দ্বারস্থ হলেও তিনিও কোনো পদক্ষেপ নেননি। তাই বাধ্য হয়ে একত্রিত হয়ে আমরা বিক্ষোভ করে প্রতিবাদে নেমেছি।

গ্রামবাসীদের একাংশের অভিযোগ, গাইঘাটার জলেশ্বর ১ পঞ্চায়েতের বাগনা মৌজায় এক ব্যক্তির ডাঙা থেকে যন্ত্র দিয়ে মাটি কেটে ট্রাক্টর ও ডাম্পার দিয়ে এই পুকুরে মাটি ফেলে তা সম্পূর্ণ ভরাট করে দেওয়া হয়েছে। এলাকাবাসীদের একাংশের দাবি, ব্যক্তিগত মালিকাধীনে থাকা ওই পুকুরে তাঁরা গৃহস্থালির নানা কাজ সারেন। আবার চাষের কাজেও ওই পুকুরের জল ব্যবহার করা হয়। বারবার প্রশাসনকে জানিয়েও কোনো লাভ হয়নি। জন্ম থেকে মৃত্যু এই পুকুর আমাদের এক মাত্র সম্বল। সেই পুকুর ভরাট করা হচ্ছে।
গ্রামবাসী মিতা সাহা, শ্যামলী দাস বলেন, শাসক দলের কিছু নেতা প্রমোটারদের কাছ থেকে মোটা টাকা খেয়ে এই পুকুর ভরাট করেছে। শুধু তাই নয়, পঞ্চায়েত প্রধান, বিডিও সহ একাধিক সরকারি দফতর এই প্রমোটারদের সঙ্গে আছে। ২০০ বছরের পুরনো এই পুকুর কিছুতেই ভরাট হতে দেওয়া যাবে না। অভিলম্বে এই পুকুর থেকে মাটি তুলে পুকুর ফিরিয়ে দিতে হবে। তা না হলে আগামীতে বৃহত্তর আন্দোলনে নামবে বলে হুমকি দেয় গ্রামবাসী।
তৃণমূল নেতা গোবিন্দ দাস বলেন, জমিটা ধানের জমি বলে আমাদের কাছে খবর আছে, যদি এটা ধানি জমি না হয় তাহলে বিএলআরও দফতর ব্যবস্থা নেবে। তবে এর সঙ্গে কোনো তৃণমূল নেতারা জড়িত নেয়।

