শ্রম আইন সংস্কারের সম্ভাবনা, দৈনিক কাজের সময় বেড়ে ১২ ঘন্টা হতে পারে

আমাদের ভারত, ২৫ এপ্রিল:কেন্দ্রীয় শ্রম আইন সংস্কার হবার সম্ভাবনা রয়েছে বলে সূত্রের খবর। নতুন আইন অনুযায়ী দৈনিক কাজের সময় বাড়তে চলেছে। দৈনিক আট ঘণ্টার পরিবর্তে এবার থেকে কাজের সময় ১২ ঘন্টা অব্দি হতে পারে। তবে সেটা হলে সপ্তাহে তিন দিন ছুটি পাওয়া যেতে পারে।

সূত্রের খবর কেন্দ্রীয় সরকার এই আইন সংস্কারের তোড়জোড় শুরু করে দিয়েছে। কিন্তু সংশ্লিষ্ট শ্রমবিধি সংস্কার সময় সাপেক্ষ বলে জানা গেছে। সূত্রের খবর দেশের সব রাজ্যগুলি এখনো এই সংস্কার সংক্রান্ত নিয়মাবলী তৈরি করে উঠতে পারেনি। এই প্রক্রিয়া সঠিক ভাবে শেষ হলে তিনমাস পর অর্থাৎ ১ জুলাই থেকে কর্মীদের দৈনিক কাজের সময় বদলাতে পারে।

জানা গেছে আইন পরিবর্তনের ফলে একজন কর্মীর বেতন বাবদ হাতে টাকা অর্থাৎ টেক হোম স্যালারি কমার সম্ভাবনা রয়েছে। কিন্তু অন্যদিকে পিএফের অনুদান বাড়ার সম্ভাবনা প্রবল। তবে গোটা বিষয়টি এখন পরিকল্পনা স্তরে রয়েছে।

সূত্র মারফত জানা গিয়েছে, নতুন নিয়মে দেশজুড়ে ন্যূনতম বেতন কার্যকর করা হবে। ওয়াকিবহাল মহলের মতে এর ফলে বিশেষ ভাবে লাভবান হবেন দেশের অসংখ্য পরিযায়ী শ্রমিক। নানা বিধি অনুযায়ী সপ্তাহে তিন দিন ছুটি পাওয়ার সুযোগ থাকছে। দৈনিক কাজের মেয়াদের উপর নির্ভর করবে কোন কর্মচারী সপ্তাহে তিন দিন ছুটি পাবেন কিনা। নয়া শ্রমবিধি অনুযায়ী ৯-১২ ঘন্টা কাজ করতে হতে পারে কর্মচারীদের। যা আগে ছিল ৮ ঘন্টা। যারা দৈনিক ১২ ঘন্টা কাজ করবেন তারা সপ্তাহে তিন দিন ছুটি পাবেন। প্রতি ৫ ঘন্টা টানা কাজের পর ৩০ মিনিট বিরতি নেওয়া যাবে। দেশের সংগঠিত এবং অসংগঠিত ক্ষেত্রে কর্মরত কর্মীরা এম্প্লয়িস হেলথ ইনসিওরেন্স এর আওতায় আসবে। নয়া বিধিতে মহিলারা নাইট শিফট করতে পারবেন। ভারতের ২৯টি কেন্দ্রীয় শ্রম আইন চারটি কোডে বিভক্ত। তাদের মধ্যে রয়েছে মজুরি, সামাজিক নিরাপত্তা, ইন্ডাস্ট্রিয়াল রিলেশন,পেশাগত নিরাপত্তা ও স্বাস্থ্য। জানা গেছে এখনো পর্যন্ত দেশটির ২৩টি রাজ্য এই আইন তৈরি করতে পেরেছে। অন্যদিকে চারটি লেবার কোড সংসদে পাশ হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *