সুশান্ত ঘোষ, আমাদের ভারত, উত্তর ২৪ পরগণা, ২ নভেম্বর: প্রধানের নির্দেশে একটি দোকানে বসে হাতুড়ে ডাক্তার দিয়ে চলেছে ভুয়া ভ্যাকসিন, এমনই অভিযোগ তুলে কয়েকশো বিজেপি কর্মী সমর্থক পথ অবরোধ করে বিক্ষোভ দেখায়। মঙ্গলবার ঘটনাটি ঘটেছে উত্তর ২৪ পরগনার গোপালনগর থানার আকাইপুর পঞ্চায়েতের বাজার এলাকায়। প্রধানের গ্রেফতারের দাবিতে টায়ার জ্বালিয়ে পথ অবরোধ করে বিজেপি। প্রায় দেড় ঘন্টা অবরোধ চলার পর পুলিশের আশ্বাসে অবরোধ তুলে নেয় অবরোধকারীরা।
বিজেপির অভিযোগ, আকাইপুর পঞ্চায়েত প্রধানের নির্দেশে, এদিন সকাল থেকে একটি দোকানে বসে হাতুড়ে ডাক্তারকে দিয়ে ভুয়ো ভ্যাকসিন দেওয়া হচ্ছিল। তখন প্রায় ৫০ জনের বেশি মানুষকে ভ্যাকসিন দেওয়াও হয়ে যায়। ঘটনার খবর পেয়ে কয়েকজন বিজেপি কর্মী সরাকারি দফতরে ফোন করে জানতে পারে আকাইপুর এলাকায় কোনও ভ্যাকসিন দেওয়ার নির্দেশ নেই। এরপরই ওই দোকানের মধ্যে ঢুকে পড়ে সেখানে একটি দেখা যায় এক হাতুড়ে ডাক্তার ভ্যাকসিন দিচ্ছেন। তারা প্রতিবাদ করতে গেলে হুমকির মুখে পড়ে। ঘটনার কথা ফোন করে প্রধানকে জানালে তিনিও হুমকি দেয় বলে অভিযোগ। এরপর বিজেপি কর্মীরা রাস্তা অবরোধ করে বিক্ষোভ শুরু করে। বিজেপি কর্মীদের অভিযোগ, এই ভ্যাকসিন কোথা থেকে একটি হাতুড়ে ডাক্তার পেলেন? সরকারি ভ্যাকসিন কিভাবে বাজারের মধ্যে একটি দোকান থেকে দেওয়া হচ্ছে? আদৌও এটা কিসের ভ্যাকসিন তা তদন্ত করতে হবে। অভিলম্বে ওই হাতুড়ে ডাক্তার ও প্রধানকে গ্রেফতার করতে হবে। প্রায় দেড় ঘণ্টা অবরোধ চলে।

ঘটনার কথা স্বীকার করে পঞ্চায়েত প্রধান উজ্জ্বল কুমার পাল বলেন, আমি ফোনে শুনেছি বাজারের মধ্যে একটি দোকানে বসে কে বা কারা ভ্যাকসিন দিচ্ছে। তবে সরকারি ভ্যাকসিন দেওয়ার নির্দেশ আমি দিতে পারি না। ঘটনার তদন্ত করার কথাও বলেন তিনি। ঘটনা স্থলে গোপালনগর থানার পুলিশ।

