আমাদের ভারত, ৭ সেপ্টেম্বর: বালুরঘাটের সাংসদ তথা বিজেপি নেতা সুকান্ত মজুমদারের বিশেষ উদ্যোগের কারণেই অসুবিধায় পরা বাংলাদেশের নাট্যদল ভারতে এলো। নির্দিষ্ট দিনে তারা তাদের নাটক মঞ্চস্থ করেন ভারতের মাটিতে। সাংসদের এই ঐকান্তিক প্রচেষ্টা আবারও একবার দুই বাংলার সম্পর্ক ও শিল্প সংস্কৃতির বন্ধনকে অটুট রাখলো।
বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারত সফর এসেছেন। সেই কারণে বাংলাদেশ থেকে ভারতের আসার জন্য ভিসার অনুমোদন সাময়িক বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়। আর এই কারণেই সমস্যায় পড়ে যায় বাংলাদেশের নাট্যকার সহ অনান্য নাট্য শিল্পীরা। হিলি সীমান্তে তারা আটকে পড়ে। বুনিয়াদপুরে একটি ক্লাবের উদ্যোগে তাদের নাটক মঞ্চস্থ হবার কথা। বিপাকে পড়ে ক্লাব সদস্যরা সুকান্ত মজুমদারের সাথে যোগাযোগ করেন সমস্যা সমাধানের জন্য।
এরপর বালুরঘাটের সাংসদ সুকান্ত মজুমদার বিদেশ মন্ত্রকের মারফত বাংলাদেশে থাকা ভারতের দূতাবাসে যোগাযোগ করেন ও সমস্যার সমাধান হয়। বিজেপি রাজ্য সভাপতির ঐকান্তিক প্রচেষ্টার ফলে বাংলাদেশের নাটকের টিমের নির্দেশক “রিজভী” ভারতে আসেন। নাটকের দলটি তাদের সুন্দর নাটক ভারতের মাটিতে মঞ্চস্থ করেন।
নাটক মঞ্চস্থ করার আগে ও পরে বাংলাদেশের নাটকের দলের তরফ থেকে বিজেপি সাংসদ সুকান্ত মজুমদারকে বিশেষ ধন্যবাদ জানানো হয়। তাদের কথায়, ড: সুকান্ত মজুমদারের সহযোগিতায় দুই বাংলার সংস্কৃতি ও নাটকের মেলবন্ধন সম্পন্ন হল। দুই বাংলার সম্পর্ক ও শিল্প সংস্কৃতির বন্ধন অটুট থাকার বিষয়ে আশাবাদী বাংলাদেশের ওই নাট্য দল।

