আমাদের ভারত, ১২ আগস্ট: ইতিমধ্যে উত্তীর্ণ পড়ুয়াদের ছাত্রাবাসে থাকা বন্ধ করা-সহ চার দফা দাবি তুললেন যাদবপুরের প্রাক্তনীরা। স্বপ্নদীপ কুন্ডুর মৃত্যুর পর শনিবার থেকে গণস্বাক্ষরে নামলেন তাঁরা। এই প্রক্রিয়া চলছে সামাজিক মাধ্যমে।
বিবৃতিতে লেখা হয়েছে, “যাদবপুর বিশ্ববিদ্যালয়ের প্রথম বর্ষের ছাত্র স্বপ্নদীপ কুন্ডুর মৃত্যু একদিকে যেমন আমাদের কাছে মর্মান্তিক, অন্যদিকে তেমনই বিশ্ববিদ্যালয়ের মেইন হোস্টেলের ভেতরে ধারবাহিকভাবে চলতে থাকা র্যাগিং পরম্পরার হিংস্রতম চেহারা ফুটিয়ে তুলেছে স্বপ্নদীপের মৃত্যু। সামাজিকতা শেখানোর নাম করেই হোক, কিংবা বন্ধুত্ব করার ভুয়ো যুক্তি দেখিয়েই হোক, কোনভাবেই র্যাগিং করা কিংবা তাকে সমর্থন করার চেষ্টা আসলে একইরকম ঘৃণ্য।
বিশ্ববিদ্যালয়ের প্রাক্তনী হিসেবে আমাদের বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের কাছে দাবি:
★ দোষীদের চিহ্নিত করে অবিলম্বে কঠিনতম শাস্তি দিতে হবে।
★ ইউ. জি. প্রথম বর্ষের ছাত্রদের জন্য ক্যাম্পাসের ভিতর আলাদা হোস্টেল নির্মাণ করতে হবে।
★ মেইন হোস্টেলের র্যাগিংয়ের পরম্পরা বন্ধ করতে, কেবল মৌখিক ও লোক দেখানো নয়, সত্যি সত্যি কড়া পদক্ষেপ নিতে হবে।
★ পাস আউট ছাত্রদের হোস্টেলে থাকার রীতি বন্ধ করতে হবে।”

