বিজেপি সাংসদের কাছ থেকে ত্রিপাক্ষিক বৈঠকের আশ্বাস মিলতেই অনশন প্রত্যাহার পাহাড়ে

আমাদের ভারত, শিলিগুড়ি, ৬ জুলাই: পৃথক রাজ্য গোর্খাল্যান্ডের দাবি সহ “বিজেপির মিথ্যা প্রতিশ্রুতির” বিরুদ্ধে আমরণ অনশন শুরু করেন এস পি শর্মা। শুক্রবার তাঁর অনশন ষষ্ঠদিনে পড়ে। সকালে তাঁর শারীরিক অবস্থার অবনতি ঘটলে দার্জিলিংয়ের মহকুমাশাসক দুলেন রায় আসেন দেখা করতে। তাঁর সাথে ছিলেন একজন ডেপুটি ম্যাজিস্ট্রেটও। কিন্তু তাঁদের কথা শুনতেই চাননি এস পি শর্মা। তিনি অনশন প্রত্যাহারও করেননি।

এর আগে অনশন মঞ্চে তাঁর সঙ্গে দেখা করেন গোর্খা জনমুক্তি মোর্চা–২–য়ের কার্যকরী সভাপতি অনিত থাপা, জন আন্দোলন পার্টির (জাপ) চেয়ারম্যান হরকা বাহাদুর ছেত্রী, মোর্চা নেতা বিমল গুরুং। প্রত্যেকেই তাঁর অনশন আন্দোলনে পাশে থাকার আশ্বাস দিয়েছেন। কিন্তু এদিন বিকেলে বিজেপি সাংসদ রাজু বিস্তা তাদের খবর দেন যে সেপ্টেম্বরে মাসের প্রথম সপ্তাহেই পাহাড় সমস্যা নিয়ে ত্রিপাক্ষিক বৈঠক হবে। এই আশ্বাস পেয়েই অনশন প্রত্যাহার করার সিদ্ধান্ত নেন এস পি শর্মা।

তিনি বলেন, “আমাদের যা যা দাবি ছিলো তার কিছুটা সাংসদ মেনে নিয়েছেন। আমরা বলেছিলাম সাংসদ কি কাজ করছে তা আমরা জানতেই পারি না। তাকে জানাতে হবে তিনি কবে কি করবেন। সেই মোতাবেক তিনি জানিয়েছেন সেপ্টেম্বরে ত্রিপাক্ষিক বৈঠক হবে। আমাদের দাবি ছিলো যে কোনও প্রশাসনিক বৈঠকে চিঠি পাঠিয়ে আমন্ত্রণ জানাতে হবে। তাতেও রাজি হয়েছেন তিনি। ত্রিপাক্ষিক বৈঠকে আমাদেরও ডাকা হবে। তাই অনশন তুলে নিলাম। এই জয় পাহাড়ের মানুষের জয়”।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *