রাকেশ সিংয়ের অনুপস্থিতির সুযোগে বন্দরে দাপট দেখালো তৃণমূল, বহু বুথে এজেন্ট দিতে পারল না বিজেপি

নীল বণিক, আামাদের ভারত, কলকাতা, ২৬ এপ্রিল:
রাকেশ সিংয়ের অনুপস্থিতিতে কলকাতার বন্দর বিধানসভায় বহু বুথে এজেন্ট দিতে পারল না বিজেপি। সপ্তম দফার ভোটে বন্দরে এজেন্ট দিতে না পারার জন্য স্থানীয় বিজেপি কর্মীরা তৃণমূলকে দায়ী করেন। স্থানীয় বিজেপি নেতা রাম সিং বলেন, আমাদের এজেন্টের মারধর করে বের করে দিয়েছে।

বন্দরের বাহুবলী বিজেপি নেতা রাকেশ সিং বর্তমানে সংশোধনাগারে রয়েছেন। মাদক কান্ডে তিনি জেল হেফাজতে। রাকেশ সিংয়ের কাঁধে ভর করে তৃণমূলকে টেক্কা দিতে চেয়েছিল বিজেপি। বিগত এক বছর ধরে রাকেশ সিংকে সামনে রেখে বন্দরে সংগঠন করেছিল গেরুয়া শিবির। কিন্তুু আজ ভোটের দিন রাকেশ সিংয়ের অনুপস্থিতি টের পেলেন বিজেপি কর্মীরা। সামনে থেকে দাঁড়িয়ে নেতৃত্ব দেওয়ার লোক নেই। আর তার জন্যই সকাল থেকেই বন্দরের বহু বুথে দাপট দেখালো তৃণমূল।

সকালেই কলকাতা বন্দর বিধানসভার ২৫৮, ২৫৬, ২৫৭ নম্বর বুথে বিজেপি এজেন্টদের মারধর করা হয় বলে অভিযোগ। নির্বাচন কমিশনে অভিযোগ জানানো হয়েছে বলে জানিয়েছেন বিজেপি নেতা রাম সিং। তিনি বলেন, আমরা কলকাতা পুলিশকেও জানিয়েছি। তবে লাভের লাভ কিছু হয়নি। এছাড়াও পরিত্যক্ত কারখানাগুলিতে বহিরাগতরা সকাল থেকেই এসে জড়ো হয়েছে। সেই তালিকাও কলকাতা পুলিশকে দিয়েছি। কিন্তুু তৃণমূল প্রার্থী ফিরহাদ হাকিমের অঙ্গুলিহিলনে পুলিশ বহিরাগতদের গ্রেপ্তার করেননি।

এব্যাপারে ফিরহাদ হাকিম বলেন, বিজেপির এজেন্ট নেই তাই বুথে বসতে পারেনি। কোনও বুথে বিজেপি কর্মীদের বাধা দেয়নি তৃণমূল। নাচতে না জানলে উঠোন বাঁকা। বন্দরের ভোট ঠিকমতই হচ্ছে। বন্দরে কখনই রিগিং হয় না। পরাজয়ের ভয়ে বিজেপি মিথ্যে কথা বলছে। পাশাপাশি বন্দর এলাকায় অশান্তি ছড়ানোর জন্য কংগ্রেস প্রার্থী মুক্তারকে দায়ী করলেন ফিরহাদ হাকিম। তিনি বলেন, কংগ্রেস ও বিজেপি এক হয়ে বন্দরে অশান্তি তৈরি করছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *