পার্থ খাঁড়া, আমাদের ভারত, পশ্চিম মেদিনীপুর, ১৮ অক্টোবর: বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের প্রাক্তনী সংসদের পক্ষ থেকে মঙ্গলবার অনুষ্ঠিত হল প্রয়াত অধ্যাপক ড: অনিন্দ্য বসু রায়ের স্মৃতির উদ্দেশে নিবেদিত একটি মনোজ্ঞ স্মারক বক্তৃতা সভা। প্রাক্তনী সংসদ গত বছর থেকেই প্রয়াত এই বিশিষ্ট শিক্ষক স্মরণে স্মারক বক্তৃতার আয়োজন করে আসছেন।
মঙ্গলবার দ্বিতীবারের জন্য অনুষ্ঠিত এই স্মারক ভাষণে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের কলা অনুষদের অধিকর্তা ড: তপন কুমার দে, ইংরেজি বিভাগের প্রধান ড: ইন্দ্রনীল আচার্য এবং অন্যান্য অধ্যাপক সহ বহু ছাত্র-ছাত্রী। ছিলেন প্রয়াত অধ্যাপকের স্ত্রী নুপূর বসু রায়। বক্তা হিসেবে আমন্ত্রিত হয়েছিলেন রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের প্রাক্তন অধ্যাপক ড: সুবীর কুমার ধর।
বক্তব্যের বিষয় ছিল ‘অব জেল্যাটোলজি সিরিয়াস অ্যানালাইসিস অফ জোকস্ এন্ড সোসাইটি’।
সমাজে লঘুচালের কৌতুকের আদান প্রদান ও যে সমাজ ও মানবচরিত্র বিশ্লেষণের এক গুরুত্বপূর্ণ উপাদান হতে পারে, সে কথাই উঠে এল অধ্যাপক ধরের মনোজ্ঞ বক্তৃতায়। স্বাগত ভাষণে, টুকরো টুকরো স্মৃতিচারণায় ধরা দিল প্রয়াত ড: অনিন্দ্য বসু রায়ের মনন ও প্রজ্ঞার পাশাপাশি তাঁর হাস্যরসোজ্জ্বল ব্যক্তিত্বের এক একটি দিকও। প্রাক্তনী সংসদের উদ্যোগে ভবিষ্যতেও তাঁদের প্রিয় অধ্যাপকের স্মৃতি জাগরূক রাখার জন্য বিভিন্ন ধরনের শিক্ষামূলক কর্মকাণ্ডের পরিকল্পনা রয়েছে- এ কথাই জানালেন সম্পাদক সৌম্যদীপ চক্রবর্তী।

