বাংলাদেশকে সঙ্গে নিয়ে মল্লারপুরে শুরু হল “সব পেয়েছি আসর”

আশিস মণ্ডল, আমাদের ভারত, বীরভূম, ২৫ ডিসেম্বর: দুই দেশের পতাকা উত্তোলন এবং প্রদীপ প্রজ্বলনের মধ্যে দিয়ে শুরু হল সব পেয়েছি আসর। বীরভূমের মল্লারপুরের স্বেচ্ছাসেবী সংস্থা নইসুভার ব্যবস্থাপনায় দীক্ষা সব পেয়েছি আসর শুরু হল এবারের ৬৪ তম আন্তর্জাতিক বার্ষিক শিক্ষা শিবির। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বীরভূম ও বোলপুর লোকসভা কেন্দ্রের সাংসদ শতাব্দী রায়, অসিত মাল, বিধানসভার ডেপুটি স্পিকার আশিস বন্দ্যোপাধ্যায়, ময়ূরেশ্বরের বিধায়ক অভিজিৎ রায়, ময়ূরেশ্বর ১ নম্বর পঞ্চায়েত সমিতির সভাপতি ধীরেন্দ্র বন্দ্যোপাধ্যায়।

সোমবার দুপুরে মল্লারপুর উচ্চ বিদ্যালয়ের মাঠে সব পেয়েছি আসর শুরু হয়। রাজ্যের বিভিন্ন জেলা এবং বাংলাদেশ নিয়ে মোট সাতশো প্রতিযোগী আসরে উপস্থিত ছিলেন। মূলত শিশু, কিশোর কিশোরীদের শারীরিক বিকাশের উদ্দেশ্যেই সব পেয়েছি আসরের আয়োজন করা হয়। এছাড়াও শিশুদের হাতের কাজ, ছবি আঁকা প্রতিযোগিতার আয়োজন করা হয়। এই প্রশিক্ষণ শিবির চলবে ৩০ ডিসেম্বর পর্যন্ত।

দীক্ষা সব পেয়েছি আসরের আহ্বায়ক সাধন সিনহা বলেন, “সাত দিনের এই আসরে শরীর চর্চা, খেলাধুলো, নৃত্য, ব্রতচারী সখা, রং তুলি নিয়ে ছবি আঁকার প্রতিযোগিতা হবে। শিবিরে অংশগ্রহণকারী সকলকে প্রতিযোগিতা শেষে শংসাপত্র দেওয়া হবে। শিবিরে সর্বশ্রেষ্ঠ শিক্ষার্থীকে স্বপন বুড়ো চ্যালেঞ্জ শিল্ড এবং টিউলিপ ঘোষ আর্থিক পুরস্কার প্রদান করা হবে”।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *