আমাদের ভারত, উত্তর ২৪ পরগনা, ১৯ ফেব্রুয়ারি:
“বাংলাকে আগলে রেখেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাই ভোট দিতে যাওয়ার আগে বিবেচনা করুন। দিদির প্রকল্পের লাভ ওঠান, দিদির পাশে থাকুন। মনে রাখবেন শীত গ্রীষ্ম বর্ষা, মমতা বন্দ্যোপাধ্যায়ই ভরসা। বিজেপি কি করেছে বাংলার জন্য? কিছু কি করেছে ? ১৮ জন এম পি বাংলার কোন উন্নয়নটা করেছে? ওরা মহিলাদের সম্মান করতে পারে না। মা দুর্গাকে নিয়ে কুরুচিকর মন্তব্য করেন। কেন একটু ভালো ভাষায় কি কথা বলা যায় না?” বারাসতের বামনগাছির ফুলতলা মাঠে বিজেপির বিরুদ্ধে প্রতিবাদ সভা করতে এসে এভাবেই বিজেপির সমালোচনায় মুখর হলেন বসিরহাটের তৃণমূল সাংসদ নুসরত জাহান।

এই জনসভায় উপস্থিত ছিলেন বারাসাতের বিধায়ক চিরঞ্জিত চক্রবর্তী–ও। তিনি বলেন, “যারা বাংলা পড়তে লিখতে পারে না, তারা বলছে সোনার বাংলা গড়বে? ওদের কথাও কি বিশ্বাস করতে হবে? ওরা বাংলার মন, আবেগ বোঝে না। তাই বাংলার মানুষ ওদের ভোট দেবে না।” বললেন বারাসাতের বিধায়ক চিরঞ্জিত চক্রবর্তী। এদিনের জনসভায় কয়েকহাজার তৃণমূল কর্মী সমর্থক উপস্থিত ছিলেন।

