আমাদের ভারত, ১০ ফেব্রুয়ারি: দোলের পরেই কি ঘোষণা হতে চলেছে বাংলার ভোটের নির্ঘন্ট। প্রাথমিকভাবে কমিশন সূত্রে এমনটা ইঙ্গিত মিলেছে। মার্চ মাসের ১-২ তারিখে আসছে নির্বাচন কমিশনের ফুল বেঞ্চ। রাজ্য মুখ্য নির্বাচনী আধিকারিকের সঙ্গে বৈঠক হবে। তারপরে বাংলা নির্বাচন নিয়ে যাবতীয় সিদ্ধান্ত চূড়ান্ত করবে নির্বাচন কমিশন বলে খবর।
আগে নির্ধারিত ছিল ভোটের তালিকা বিশেষ নিবিড় সংশোধন প্রক্রিয়া শেষ হলে প্রকাশিত হবে ভোটের নির্ঘণ্ট। ১৪ ফেব্রুয়ারি চূড়ান্ত তালিকা প্রকাশের দিন থাকলেও তা পিছিয়ে গিয়েছে। সে ক্ষেত্রে ভোটের নির্ঘন্ট কবে প্রকাশ হবে তা নিয়ে প্রশ্ন উঠেছে। জানাগেছে, দোলের আগে কোন ঘোষণা করা হবে না।
বিরোধী মহলের একাংশের দাবি, নির্বাচন কমিশন স্বশাসিত সংস্থা। কিন্তু বিজেপির ইশারায় তারা কাজ করে। উত্তর ভারতীয় সংস্কৃতি অনুযায়ী হোলিকা দহনের আগে কোনো শুভ কাজ করা ঠিক নয়। হোলিকা দহনের মাধ্যমে দুষ্টের দমন সৃষ্টের পালন হয়। সেই বিশ্বাস মেনে চলে বিজেপিও। সেই বিশ্বাসে আশা রেখে বাংলা সহ পাঁচ রাজ্যের ভোটে নির্ঘণ্ট প্রকাশ করা হবে বলে মনে করা হচ্ছে।
তবে এস আই আর- এর পর পূর্ণাঙ্গ ভোটার তালিকা প্রকাশ হবে ২৮ ফেব্রুয়ারি। ফলে তারপর আরও ২-৩ দিন সময় অবশ্যই লাগবে কমিশনের গোটা ভোট প্রক্রিয়া নিয়ে পরিকল্পনা করতে। ফলে এই পরিকল্পনা করার জন্য যদি ২-৩ দিন সময় লাগে তাহলে সেটা দোলের পরেই হয়ে যায় স্বাভাবিক কারণে, বলেও দাবি করেছেন ওয়াকিবহাল মহলের বড় অংশ। বাংলা ছাড়া অসম, তামিলনাড়ু, কেরল, পদুচেরিতে নির্বাচন রয়েছে একই সঙ্গে। সব রাজ্যের ভোট ঘোষণা হওয়ার কথা।
বাংলায় কত দফায় ভোট হবে তা নিয়ে জল্পনা ছড়িয়েছে। রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তর থেকে জাতীয় নির্বাচন কমিশনকে জানানো হয়েছে, তারা এক দফায় ভোট করাতে প্রস্তুত। প্রয়োজনীয় লোকবল রয়েছে তাদের হাতে। যদি কেন্দ্রীয় বাহিনী পাওয়া যায় তাহলে এক দফায় ভোট করা যাবে, এতে ভোট হিংসাও কমে যাবে। কিন্তু জাতীয় নির্বাচন কমিশন তিন দফায় ভোট করাতে ইচ্ছুক বলে খবর। লোকবল, প্রয়োজনীয় কেন্দ্রীয় বাহিনী পাওয়ার বিষয়টিও আছে। ফলে জাতীয় নির্বাচন কমিশনের ফুল বেঞ্চ বাংলায় এলে তা স্পষ্ট হবে বলে মনে করা হচ্ছে।

