দ্বিগুণ লোক নিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়ি ঘেরাও করব, হুঁশিয়ারি সুকান্তর

আমাদের ভারত, ১৯ ফেব্রুয়ারি: কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিকের বাড়ি ঘেরা কর্মসূচি নিয়ে রাজনৈতিক তরজা তীব্র হয়েছে। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে নিশীথ প্রামানিকের বাড়ি ঘেরাওয়ের তৃণমূলের কর্মসূচির তীব্র সমালোচনা করেছেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। বিষয়টি নিয়ে তোপ দেগেছেন সাংসদ দিলীপ ঘোষ। তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়ি পাল্টা ঘেরাওয়ের হুঁশিয়ারি দিয়েছেন সুকান্ত।

বিজেপির রাজ্য সভাপতি বলেছেন, তৃণমূল কংগ্রেস যদি না বুঝতে চায় তাহলে আমরাও বাড়ি ঘেরাও করে দেখাবো। অভিষেক বন্দ্যোপাধ্যায়ে বাড়ি ঘেরাও করবো। নিশীথ প্রামাণিকের বাড়ি ঘেরাও প্রসঙ্গে সুকান্ত মজুমদার বলেছেন, বিশৃঙ্খলা তৈরি করা তৃণমূলে চক্রান্ত। এই নোংরা রাজনীতি ওরা করে। আমাদের যদি প্রশাসনের বিরুদ্ধে কোনো বক্তব্য থাকে তখন আমরা ডিএম অফিস ঘেরাও করি কিন্তু ডিএমের বাসভবন কখনো ঘেরাও করি না। তৃণমূল কংগ্রেসের লোকেদের কথোপকথন শোনা যাচ্ছে সেখানে গুলি বোমা চালানোর কথা বলছে। শোনা যাচ্ছে কেন্দ্রীয় বাহিনীকে গুলি চালাতে হবে যাতে কেন্দ্রীয় বাহিনী পাল্টা গুলি চালায়। এভাবে গুলি চললে কিছু সাধারণ মানুষের প্রাণ যাবে, তখন সেটা নিয়ে রাজনীতি করবে তৃণমূল। মৃত মানুষের শরীরের উপর রাজনীতি করতে অভ্যস্ত ওরা। আমরা এর অবসান চাইছি। এই বাড়ি ঘেরাও করার রাজনীতি মঙ্গলকর নয়, কিন্তু তৃণমূল যদি বুঝতে না চায় আমরাও বাড়ি ঘেরাও করে দেখাবো। আমরা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়ি ঘেরাও করব।

তিনি আরো বলেন, “এই বাড়ি ঘেরাও- এর রাজনীতি যদি বন্ধ না হয় তাহলে ৪৮ ঘণ্টার মধ্যে দ্বিগুণ লোক নিয়ে অভিষেকের বাড়ি ঘেরাও করবো।”

অন্যদিকে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়ি ঘেরাওয়ের সুকান্ত মজুমদারের বক্তব্যকে সমর্থন করেছেন দিলীপ ঘোষ। তিনি আরো একধাপ এগিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িও ঘেরাও করার পক্ষে মত দিয়েছেন। তিনি বলেন, “আমি তো শুধু অভিষেক বন্দ্যোপাধ্যায় কেন, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ি ঘেরাও করা হোক বলবো। আমরা ঘেরাও করলে অন্যান্য দাবি-দাওয়া নিয়ে মানুষ গিয়েও ঘেরাও করবে।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *