“খেলা হবে, বড় খেলা হবে”, বালুরঘাটের সভা থেকে মমতাকে হুঁশিয়ারি রাজনাথের, প্রশংসা সাংসদ সুকান্ত মজুমদারের

পিন্টু কুন্ডু, বালুরঘাট, ২৬ ফেব্রুয়ারি: এবারে খেলা হবে শ্লোগান দিয়ে মমতাকে হুঁশিয়ারী কেন্দ্রীয় প্রতিরক্ষামন্ত্রীর। শুধু খেলা হবে না, বড় খেলা হবে বলেও প্রকাশ্য সভা থেকে শ্লোগান দেন মন্ত্রী তথা বিজেপির অন্যতম হেভিওয়েট নেতা রাজনাথ সিং। শুধু তাই নয় কোনও দাদাগিরি চলবে না বলেও স্পষ্ট ভাষায় মমতাকে হুঁশিয়ারি দিয়েছেন কেন্দ্রীয় মন্ত্রী। যাকে ঘিরে হাততালি ও জয় শ্রীরাম শ্লোগানের ঝড় ওঠে কর্মীদের মধ্যে। শুক্রবার দুপুরে বালুরঘাটের হাইস্কুল মাঠে অনুষ্ঠিত বিজেপির পরিবর্তন যাত্রার সভা থেকে রাজ্যের শাসক দল তৃণমূল এবং বিগত বাম সরকারকে কড়া ভাষায় আক্রমণ করতে দেখা যায় কেন্দ্রীয় মন্ত্রীকে। এদিন সভার শুরুতেই বক্তব্য রাখতে গিয়ে বালুরঘাটের সাংসদ সুকান্ত মজুমদারের ভুয়সী প্রশংসা করেছেন প্রতিরক্ষামন্ত্রী। সভায় সুকান্তর বক্তব্যের পাশাপাশি জেলা ও রাজ্য নিয়ে তাঁর কর্মকান্ডের বিস্তর প্রশংসা করেন তিনি। যাকে ঘিরে রীতিমতো জল্পনা শুরু হয়েছে নেতৃত্বদের মধ্যে। এদিনের সভায় অনান্যদের মধ্যে উপস্থিত থাকা দিলীপ ঘোষ, অরবিন্দ মেনন, মন্ত্রী দেবশ্রী চৌধুরী, সায়ন্তন বসু সহ সমস্ত নেতৃত্বই সুকান্তকে নিয়ে হেভিওয়েট ওই নেতার এমন প্রশংসা শুনে কিছুটা অবাক হয়েছেন।

পরিবর্তন যাত্রা উপলক্ষ্যে বালুরঘাটে আয়োজিত প্রকাশ্য সভায় যোগ দিতে এদিন দুপুরে আকাশ পথে দক্ষিণ দিনাজপুর জেলায় আসেন বিজেপির দুবারের সর্বভারতীয় সভাপতি রাজনাথ সিং। জেলার সদর শহর বালুরঘাট হাইস্কুল ময়দানে এদিন ওই জনসভায় উপস্থিত হয়ে রাজ্যের মুখ্যমন্ত্রীর খেলা হবে শ্লোগানের পালটা হুঁশিয়ারি দিয়ে বলেন ‘হ্যাঁ খেলা হবে। নিশ্চই খেলা হবে। বড় খেলাই হবে। আমরাও খেলা খেলব। তবে সেই খেলা হবে উন্নয়নের ও শান্তির খেলা’। যে বক্তব্যে হাততালি ও জয় শ্রীরাম ধ্বনিতে উচ্ছ্বসিত হয়ে পড়েন এদিন দুপুরের প্রখর রোদ্র কে উপেক্ষা করে প্রতিরক্ষামন্ত্রীর সভায় ভিড় জমানো হাজার হাজার বিজেপি কর্মীসমর্থকরা।

এদিন প্রতিরক্ষা মন্ত্রীর প্রায় আধঘন্টার ভাষণে দফায় দফায় রাজ্যের তৃণমূল নেত্রীকে আক্রমন শানাতে দেখা যায়। অনুন্নয়ন নিয়ে বামেদেরকেও আক্রমণ করতে দেখা গেছে মন্ত্রীকে। দুর্নীতি, হিংসা, তোলাবাজ, কাটমানী নিয়ে মুখ্যমন্ত্রীর তীব্র সমালোচনা করেছেন রাজনাথ সিং। তিনি বলেন, তোলাবাজ শব্দ আমি অন্তত কখনও শুনিনি। বিভিন্ন প্রকল্পে কেন্দ্রের পাঠানো বরাদ্দের টাকা নিয়েও রাজ্যসরকারের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তুলেছেন তিনি। তিনি আরও বলেন রাজ্যে বিজেপি ক্ষমতায় আসলে সোনার বাংলা গড়বে। তিনি আরও বলেন, মা, মাটি, মানুষ কোনওটাই এই রাজ্যে সুরক্ষিত নয়। রাজ্য জুড়ে বিজেপি কর্মীসমর্থকদের উপর হামলার ঘটনায় সরব হন রাজনাথ সিং। তিনই বলেন, এই রাজ্যে শুধু হিংসা রাজ চলছে। আমাদের ১৩০ কর্মকর্তাকে খুন করা হয়েছে। তিনি দিদিকে প্রশ্ন করেন, রাজ্যের ল অ্যান্ড অর্ডার রক্ষার দায় কার? যার পরেই তিনি নিজের উদাহরণ তুলে বলেন, আমিও উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী ছিলাম। তাই আমি বলছি, আপনি ও বাম মিলে এই রাজ্যকে ৪৪ বছর ধরে শাসন করে দেশের অন্য রাজ্যের উন্নয়ন থেকে পিছিয়ে দিয়েছেন। আমরা ক্ষমতায় এসে এই রাজ্যকে ২১ শতবাদীর উন্নয়নের ছোয়ায় ভরিয়ে তুলব।

এদিন সভা শেষে কিছুক্ষণের জন্য পরিবর্তন যাত্রায় অংশ নেন রাজনাথ। যার পরেই বালুরঘাট বিমানবন্দর থেকে দিল্লীর উদ্দেশ্যে রওনা দিয়েছেন প্রতিরক্ষা মন্ত্রী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *