হিংস্র দাঙ্গাবাজদের তান্ডব! আগামী দিনে আরও বেশি করে দক্ষিণ ২৪ পরগনায় যাব, জয়নগরে বিক্ষোভের ঘটনায় হুঁশিয়ারি সুকান্ত’র

আমাদের ভারত, ১১ ডিসেম্বর: দক্ষিণ ২৪ পরগনায় গিয়ে ফেরার পথে কালো পতাকা দেখানোর ঘটনায় পাল্টা হুঁশিয়ারি দিলেন বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। তার কথায় দাঙ্গবাজদের তাণ্ডব হয়েছিল ওই রাতে। এই ঘটনার পর তিনি আগামী দিনে আরও বেশি করে দক্ষিণ ২৪ পরগণায় যাবেন।

শনিবার দক্ষিণ ২৪ পরগনার জয়নগরের মৈপীঠে বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের গাড়ি ঘিরে বিক্ষোভ ও কালো পতাকা দেখায় একদল মানুষ। তাদের বক্তব্য কেন একশো দিনের টাকা আটকে গেছে সুকান্ত মজুমদারকে জবাব দিতে হবে। এর পাল্টায় সুকান্ত বলেছেন মুখ্যমন্ত্রী টাকা চুরি করবে আর জবাব সুকান্ত মজুমদার দেবে? তার অভিযোগ, পরিকল্পিত ভাবে হামলার চেষ্টা হয়েছে তার উপর।

রবিবার তিনি টুইটারে পাল্টা হুঁশিয়ারি দিয়ে লেখেন, আগামী দিনে আরও বেশি করে তিনি দক্ষিণ ২৪ পরগনায় যাবেন। তিনি লেখেন, “গত রাতে যখন আমরা জয়নগর থেকে ফিরছিলাম। দলদাস দুর্বল পুলিশের সামনে হিংসার দাঙ্গবাজরা আমাদের উপর হামলা চালায়। কিন্তু এই ঘটনায় আমরা ভয় পাইনি। আগামী দিনে আমি আরও বেশি করে দক্ষিণ ২৪ পরগনায় যাব। আমি জানি আমাদের সাহসী কর্মীরা কখনোই ভয়ে থমকে যাবে না।”

জয়নগর কুলতলী এলাকায় যেসব বিজেপি কর্মী ডায়মন্ড হারবারের সভায় যাওয়ার পথে আক্রান্ত হয়েছিলেন তাদের সঙ্গে দেখা করতে গিয়েছিলেন সুকান্ত। সেই সব সেরে তিনি যখন কলকাতায় ফিরছিলেন, তার গাড়ি ঘিরে বিক্ষোভ দেখানো হয়। বিক্ষোভকারীদের দাবি, জোর করে ১০০ দিনের টাকা আটকে রেখেছে কেন্দ্র। সে টাকা ছেড়ে দিতে হবে। সুকান্ত গাড়ি আটকে দেওয়ার চেষ্টা হয়।

এই ঘটনায় বিজেপি রাজ্য সভাপতি বলেন, “জয়নগরের যেসব বিজেপি কর্মী আক্রান্ত হয়েছিলেন তাদের সঙ্গে দেখা করতে গিয়েছিলাম। সেখান থেকে কলকাতায় ফিরছিলাম, বকুলতলা নতুন হাটের পাঁচ কিলোমিটার আগে আমাদের গাড়ি ঘেরার চেষ্টা করা হয়। প্রথমে ওরা কালো পতাকা দেখায়। বকুলতলা হাটের আগে গাড়ি আটকানোর চেষ্টা করা হয়, কিন্তু পারেনি। ওখানে তৃণমূলের হার্মাদ বাহিনী, জেহাদি বাহিনী এসে গাড়ি ঘিরে ধরে। গাড়িতে লাঠি দিয়ে মারে। গাড়ির কাঁচ ভাঙ্গার চেষ্টা করে। একবারই দুজন পুলিশকে আমরা দেখেছি। কোনো রকমে আমার নিরাপত্তা রক্ষীরা আমার গাড়ি বের করে আনতে সমর্থ হয় সৌভাগ্যবশত। গাড়ির কাঁচ না ভাঙ্গলেও, ওয়াইপার ভেঙ্গে দেওয়া হয়েছে। “তার দাবি, “যে সব পোস্টার তাকে দেখানো হচ্ছিল তা প্রিন্ট বের করে আনা হয়েছে। তাই এই বিক্ষোভ আগে থেকে পরিকল্পিত।”

সুকান্ত পাল্টা দিতে গিয়ে বলেন, “ওরা বলেছিল সুকান্ত মজুমদার জবাব দাও। মুখ্যমন্ত্রী চুরি করবে আর জবাব দেবে সুকান্ত মজুমদার। এদের বিরুদ্ধে রাস্তায় নেমে লড়াই হবে।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *