পঞ্চায়েত নির্বাচনেও কি বাঁকুড়ার জঙ্গল মহল মুখ ফেরাবে? দুশ্চিন্তায় তৃণমূল

সোমনাথ বরাট, আমাদের ভারত, বাঁকুড়া, ৪ জুলাই: লোকসভা ও বিধানসভা ভোটের মতোই কি পঞ্চায়েত ভোটেও মুখ ফিরিয়ে নেবে জঙ্গলমহল এই চিন্তায় ঘুম ছুটেছে তৃণমূল নেতৃত্বের।

পঞ্চায়েত ভোটে কি বাম, কি বিজেপি, কোনও দলই ঠিকমতো গুছিয়ে উঠতে পারেনি। মনোনয়ন দাখিল থেকে শুরু করে প্রচার পর্ব সবেতেই যেন শাসক দলের চেয়ে কয়েককদম পিছিয়ে তবুও নিশ্চিত হতে পারছে না তৃণমূল। সাধারণ ভোটারদের নির্লিপ্ত ভাব, চারিদিকে দলীয় শীর্ষ নেতাদের দুর্নীতি প্রকাশ এসব মিলিয়ে সিঁন্দুরে মেঘ দেখছে স্থানীয় কর্মীরা।গোদের উপর বিষফোঁড়া গোষ্ঠী কোন্দল। দলের শীর্ষ নেতারা ও জেলা নেতারা বিক্ষুব্ধ গোষ্ঠী ও দল বিরোধিতার প্রতি কড়া হুঁশিয়ারি দিলেও চাপা ক্ষোভ দূর হয়নি। গ্ৰামে গঞ্জে কান পাতলেই এখন এসব কথা শোনা যাচ্ছে।

তাই জঙ্গল মহল নিয়ে চিন্তিত শীর্ষ নেতৃত্ব প্রচারের প্রায় অন্তিম মুহূর্তে অভিষেক বন্দোপাধ্যায়কে হাজির করিয়েছেন। মাত্র দিন কয়েক আগেই অভিষেক জনজোয়ার যাত্রায় বাঁকুড়ায় আসেন। তারপরও গতকাল সারেঙ্গায় রোড শোয়ে অংশ নেন।

লোকসভা নির্বাচনে জেলার দুটি আসনেই তৃণমূল পরাজিত হয়। বিধানসভা নির্বাচনে জেলার বারোটি আসনের আটটি’তে পরাজিত হয় তৃণমূল প্রার্থীরা।বিধানসভার আটটি আসনই দখল করে বিজেপি, লোকসভার দুটি আসনও বিজেপির ঝুলিতে যায়।
পঞ্চায়েত নির্বাচনে লোকসভা, বিধানসভার ফলাফলের কোনও প্রভাব পড়বে না বলে তৃণমূল নেতারা দৃঢ় বিশ্বাসী হলেও বিজেপির জেলা নেতারা আশাতীত ভালো ফলের আশা দেখছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *