পাথরপ্রতিমায় স্বামীর সঙ্গে বিবাদের জেরে তিন সন্তানকে বিষ খাইয়ে আত্মহত্যার চেষ্টা স্ত্রীর, মৃত্যু এক শিশুর

আমাদের ভারত, পাথরপ্রতিমা, ১৭ মার্চ: দক্ষিণ ২৪ পরগনার পাথরপ্রতিমা থানার যোগেন্দ্রপুরে তিন সন্তানকে বিষ খাইয়ে আত্মহত্যার চেষ্টা করলেন মা। ঘটনায় সাত বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। মৃতের নাম শান্তনু ভড়। ঘটনায় মা শেফালি ভড় সহ বাকি দুই শিশু পায়েল ভড় (৯) ও সূর্য ভড়(৪) গুরুতর অসুস্থ। তাঁদের প্রথমে স্থানীয় গদামথুরা ব্লক গ্রামীণ হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে আসা হলে অবস্থার অবনতি হওয়ায় ডায়মন্ড হারবার জেলা হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় যথেষ্ট চাঞ্চল্য ছড়িয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্রের খবর, মঙ্গলবার রাতে স্বামী রাজু ভড়ের সাথে অশান্তি হয় শেফালির। স্বামী কর্মসূত্রে হুগলী থাকেন। সেখানে একটি কোল্ড ষ্টোরে তিনি কর্মরত। মঙ্গলবার রাতে শেফালি তাঁকে ফোন করলে দুজনের মধ্যে ফোনেই বিবাদ বাধে। এরপর শেফালি নিজের তিন সন্তানকে ঘরে থাকা রাসায়নিক খাইয়ে নিজেও সেই রাসায়নিক খেয়ে নেন। আজ সকালে দীর্ঘক্ষণ কেউ ঘুম থেকে উঠছে না দেখে প্রতিবেশীদের সন্দেহ হয়। তাঁরাই দরজা খুলে এই মর্মান্তিক দৃশ্য দেখতে পান। সাথে সাথে চারজনকেই উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে সেখানে শান্তনুকে মৃত ঘোষণা করেন চিকিৎসকরা। বাকিদের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাঁদেরকে ডায়মন্ড হারবার জেলা হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানো হয়েছে। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় যথেষ্ট চাঞ্চল্য ছড়িয়েছে। পাথরপ্রতিমা থানার পুলিশ মৃত শিশুর দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে, পাশাপাশি ঘটনার তদন্ত শুরু করেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *