ইসলামপুরে দুষ্কৃতিদের হামলায় নিহত হোটেল ব্যবসায়ীর স্ত্রী

স্বরূপ দত্ত, উত্তর দিনাজপুর, আমাদের ভারত, ২৭ ডিসেম্বর: দুষ্কৃতীদের হামলায় মৃত্যু হল এক হোটেল ব্যবসায়ীর স্ত্রীর। ঘটনাটি ঘটেছে উত্তর দিনাজপুর জেলার ইসলামপুর থানার বলঞ্চা এলাকায়। নিহত ওই মহিলার নাম কবিতা দেবনাথ। বাড়ি ইসলামপুর থানার মাটিকুন্ডা এলাকায়।

নিহত, মহিলার স্বামী কৌশল দেবনাথ জানিয়েছেন, প্রতিদিনের মত রবিবার রাতেও হোটেল বন্ধ করে ইসলামপুর থেকে বাইকে করে স্ত্রীকে সঙ্গে নিয়ে বাড়ি যাচ্ছিলেন। তখন ইসলামপুর থানার বলঞ্চার পিপলবস্তি এলাকায় ৩ জন দুষ্কৃতী বাঁশ দিয়ে আক্রমণ করে বলে অভিযোগ তার। বাঁশের আঘাতে ব্যবসায়ীর স্ত্রী গুরুতর জখম হয়। তাকে উদ্ধার করে ইসলামপুর মহকুমা হাসপাতালে নিয়ে আসা হয় চিকিৎসার জন্য। সেখানে তার শারীরিক অবস্থার অবনতি হলে শিলিগুড়ি মেডিক্যাল কলেজ ও হাসপাতালে রেফার করে কর্মরত চিকিৎসকরা। একটি বেসরকারি নার্সিং হোম থেকে সিটি স্ক্যান করে মেডিক্যাল কলেজ যাওয়ার পথে মৃত্যু হয় তার। এই ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে পরিবারের সদস্যদের উপর।

পরিবারের সদস্যরা দেহটি ইসলামপুর মহাকুমা হাসপাতালে নিয়ে আসে। পুলিশ মৃতদেহটি ময়নাতদন্তের জন্য ইসলামপুর হাসপাতালের পুলিশ মর্গে পাঠায়। এই ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে গোটা ইসলামপুর জুড়ে। ঘটনা তদন্ত শুরু করেছে ইসলামপুর থানার পুলিশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *