স্নেহাশীষ মুখার্জি, আমাদের ভারত, নদিয়া, ১৭ জুলাই: স্বামীর শ্রাদ্ধের আগের দিন মানসিক অবসাদে আত্মঘাতী হল স্ত্রী। ঘটনায় শোকের ছায়া এলাকায়। শান্তিপুর পৌরসভার অন্তর্গত ১৮ নম্বর ওয়ার্ডের কেসি দাস রোডের বাসিন্দা সৌগত মঠ গত ৭ জানুয়ারি মাত্র ৩৭ বছর বয়সে মস্তিষ্ক সংক্রান্ত সমস্যায় আকষ্মিক ভাবে মারা যান।

সৌগত বাবুর বৃদ্ধা মা, দশ বছরের কন্যা এবং স্ত্রী নিয়ে ছিল সংসার। একটি ফাস্টফুডের দোকান চালিয়ে জীবিকা নির্বাহ করতেন তিনি। তাঁর মৃত্যুর পর শোকার্ত স্ত্রী মানসিক ধাক্কা সহ্য করতে না পেরে শনিবার রাতে দোতলার ঘরে গলায় দড়ি দিয়ে আত্মঘাতী হন। আজ সকালে ওই শিশু কন্যা এবং বৃদ্ধা শাশুড়ি লক্ষ্য করেন গলায় দড়ি দিয়ে ঝুলছে বৌমা। এরপর প্রতিবেশীদের সহযোগিতায় শান্তিপুর থানায় খবর দিলে পুলিশ এসে তার মৃতদেহ ময়না তদন্তে পাঠায়।

এক সপ্তাহের মধ্যে স্বামী স্ত্রী দু’জনের মৃত্যুতে বৃদ্ধা মা এবং এক শিশু কন্যার কথা ভেবে গোটা এলাকায় নেমে এসেছে শোকের ছায়া। তবে কাউন্সিলর থেকে প্রতিবেশী আত্মীয়-স্বজন সকলেই, তাদের পাশে সর্বক্ষণ সঙ্গী হিসেবে থাকবেন বলে জানিয়েছেন।

