সোমনাথ বরাট, আমাদের ভারত, বাঁকুড়া, ৪ মার্চ: জয়পুরে হাতির হানায় মৃত্যু হলো এক গ্রামবাসীর। এই ঘটনায় ব্যাপক ক্ষোভ ছড়িয়ে পড়েছে বাঁকুড়া জেলার জয়পুরের রাউৎখন্ডে। স্থানীয় সূত্রে জানাগেছে, একটি দাঁতাল হাতি জঙ্গল থেকে বেরিয়ে বুধবার ভোরে একের পর এক গ্রামে ঢুকে হামলা চালায়। এতে বেশ কয়েকটি বাড়ি ক্ষতিগ্রস্থ হয়। ঘটনায় মৃত্যু হয়েছে একজনের।আহত হয় আরো চারজন।তাদের বিষ্ণুপুর সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। মৃতের নাম বিজয় কোলে।
স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, দাঁতালটি বুধবার ভোরে জয়পুর রেঞ্জের রাউৎখন্ড, জামডিগরি, কলাবনি ও পাথরপাড়ায় ঢুকে একের পর এক বাড়িতে ভাঙ্গচুর চালায়। এতে আতঙ্কিত হয়ে পড়ে গ্রামবাসীরা। এসময় পাথরপাড়ায় নিজের বাড়িতেই ছিলেন বিজয় কোলে। হাতিটি হঠাৎ তাকে আক্রমণ করে। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এতে গ্রামবাসীরা ক্ষোভে ফেটে পড়েন। তাদের অভিযোগ, জঙ্গল থেকে বেরিয়ে লোকালয়ে ও চাষের জমিতে বারবার হামলা চালাচ্ছে হাতি, অথচ বনদপ্তর নীরব দর্শক। এই ঘটনার পর বনদপ্তর হাতিকে বাগে আনতে চেষ্টা চালায়। অবশেষে তাকে ঘুমপাড়ানি ইঞ্জেকশন দিয়ে নিরাপদ স্হানে নিয়ে যায়।
উল্লেখ্য, তিনদিন আগে গত রবিবার রাতে সোনামুখী ব্লকের পাথরমোড়া গ্রামে হানা দেয় তিনটি হাতির একটি দল। হাতিগুলি গ্রামে ঢুকে এক বাড়িতে হামলা চলায়। এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। হাতির দল ভেঙ্গে গুঁড়িয়ে দেয় বাড়ির একাংশ, বাড়ির প্রাচীরের দু’টি দেওয়াল ও গোয়াল ঘরের একাংশ। এমনকি ভাঙ্গচুর চালায় একটি মোটর বাইক। হাতির হানার সময় ওই পরিবারের সদস্যরা ঘরের ভিতরেই ছিলেন। তারা রীতিমতো আতঙ্কিত হয়ে পড়েন এবং বাঁচানোর জন্য চিৎকার করতে থাকেন। তারা অল্পের জন্য প্রাণে রক্ষা পান।

