দিদি বললেই রাজ্যে লুকানো অস্ত্র বেরিয়ে আসে, তাহলে কেনো এসএসসি মেধাতালিকা ভুক্ত শিক্ষক পদপ্রার্থীদের দেওয়া প্রতিশ্রুতি রাখা হচ্ছে না, সোচ্চার পদ্মশ্রী মাসুম আক্তার

আমাদের ভারত, ৩০ মার্চ: দিদির কথায় রাজ্য জুড়ে লুকানো অস্ত্র বেড়িয়ে আসছে, তাহলে দিদির দেওয়া কথা অনুযায়ী কেনো
এসএসসি আন্দোলনকারীদের চাকরি এখনো হলো না? প্রশ্ন তুলেছেন পদ্মশ্রী প্রাপ্ত বিশিষ্ট শিক্ষাবিদ মাসুম আক্তার। কেন রাজ্যের মুখ্যমন্ত্রী এই সব আন্দোলনকারীদের সমস্যা সমাধানের কথা দিয়েও এখনো রাখতে পারলেন না, প্রশ্ন তুলেছেন তিনি।

স্কুল সার্ভিস কমিশনের দুর্নীতির বিরুদ্ধে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক স্তরের হবু শিক্ষক পদপ্রার্থীদের আন্দোলন শুরু হয়েছে ২০১৯ সাল থেকে। সেই আন্দোলন আজও চলছে। ২০২২ সাল পর্যন্ত ৩ দফায় এই আন্দোলন ৩৮০ দিন পূর্ণ করল। কিন্তু কোনো সুরাহা হলো না।
আন্দোলনকারীদের অভিযোগ, স্কুল সার্ভিস কমিশনের মেধা তালিকায় থাকা শিক্ষক পদপ্রার্থীদের নিয়োগ না করে দুর্নীতি ও স্বজনপোষণ করে গোপনে অবৈধ নিয়োগ হয়ে চলেছে। তাদের দাবি এই অভিযোগ শুধু এখন আন্দোলনকারীদের নয়, কলকাতা উচ্চ আদালতেও এটি প্রমাণিত হয়েছে। এই চাকরি প্রার্থী আন্দোলনকারীদের সমর্থন জানিয়ে তাদের পাশে এসে দাঁড়ালেন পদ্মশ্রী প্রাপক বিশিষ্ট শিক্ষাবিদ কাজী মাসুম আক্তার।

পদ্মশ্রী প্রাপ্ত বিশিষ্ট শিক্ষাবিদ বলেন,”বেকার শিক্ষকরা তাদের প্রাপ্য অধিকার কেন পাবে না? তাদের বয়স চলে যাচ্ছে তাদের প্রাপ্য চাকরি তারা কেন পাবে না? ২০১৬ সালে তাদের চাকরি পাওয়ার কথা কিন্তু আজও তারা রাস্তায়। আদালত বলছে তাদের এই চাকরি প্রাপ্য, কমিশনের চেয়ারম্যান বলছেন এটা তাদের প্রাপ্য চাকরি কিন্তু তারা চাকরি এখনো পায়নি। তাদের চাকরি এখনো দেওয়া হয়নি। অথচ যারা পরীক্ষায় বসলো না যারা পাস করল না তারা চাকরি করছে। মুখ্যমন্ত্রী জানেন যে এটা ওদের পাওনা চাকরি। ২০১৯ সালে দিদি কথা দিয়েছেন ওদের চাকরি ওরা ওরা পাবে।” মাসুম আক্তার আরও বলেন, “দিদি বললেই আনারুল গ্রেপ্তার হন, দিদি বললেই গোটা রাজ্য থেকে লুকানো অস্ত্র বেরিয়ে আসে, দিদি জানেন কাকে জেলে ঢোকাতে হবে, কাকে জেল থেকে বার করতে হবে। তাহলে দিদি কি এটা জানেন না?”

আন্দোলনকারীদের দাবি, নিয়োগ ব্যবস্থায় দুর্নীতি সম্পর্কে অবগত হয়ে মাননীয়া মুখ্যমন্ত্রী ২০১৯ সালে প্রেসক্লাবের সামনে মেধাতালিকাভুক্ত সকলকে নিয়োগের প্রতিশ্রুতি দিয়েছিলেন। সেই প্রতিশ্রুতির দ্রুত বাস্তবায়ন করতে হবে। মেধাতালিকাভুক্ত সকল বঞ্চিতদের প্রতি সুবিচার করতে হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *