আমাদের ভারত, ১০ জুন:
গত কয়েক সপ্তাহ ধরে রাজ্যের বিভিন্ন জেলায় নিজের কর্মসূচিতে মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন একশো দিনের কাজের টাকা গত পাঁচ মাস ধরে দিচ্ছে না কেন্দ্র সরকার। গরিবদের টাকা বন্ধ করে দেওয়া হয়েছে। মুখ্যমন্ত্রীর এই বক্তব্যের পাল্টা জবাব দিয়েছেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা। তিনি বললেন, গত তিন বছর ধরে তৃণমূল সরকার হিসেবই দেয়নি।
ন্যাশনাল লাইব্রেরিতে দলীয় সভায় মমতা বন্দ্যোপাধ্যায়কে নিশানা করেন নাড্ডা। তিনি বলেন, “যখন থেকে কলকাতায় এসেছি তখন থেকেই সাংবাদিকরা প্রশ্ন করছেন একশো দিনের টাকা রাজ্য সরকারকে কেন দিচ্ছে না কেন্দ্র? এইসব প্রশ্নের জবাব আমি সাধারণত দিই না। আরে জিতভি তুমাহারা ঔর পট ভি তুমহারা! হেডও তোমার আর টেলও তোমার! এ কেমন রাজনীতি? গত তিন বছর ১০০ দিনের কাজের টাকার হিসেবেই দেয়নি বাংলা। তদন্ত করে দেখা গিয়েছে ৩২৭ লাখ টাকার পেমেন্ট হয়নি। এবার বলুন, একশো দিনের কাজের টাকা দেওয়া যায়? এভাবেই রাজ্য চলছে। এটা কি রকম শাসন?”
প্রসঙ্গত একশো দিনের কাজের টাকা ১৫ দিনের মধ্যে মিটিয়ে দেওয়ার নিয়ম। কিন্তু সেই টাকা কেন্দ্র দিচ্ছেন না বলে বারেবারেই সরব হচ্ছেন মুখ্যমন্ত্রী। এমনকি পুরুলিয়া সফরে গিয়ে মুখ্যমন্ত্রী বলেন, এবার কেন্দ্রের এই বঞ্চনার বিরুদ্ধে ব্লকে ব্লকে প্রতিবাদে সরব হন। বিজেপি নেতারা এলাকায় এলেই বলুন আগে একশো দিনের কাজের টাকা দা, তারপর এলাকায় ঢুকবে।
এদিকে দলীয় সভায় জে পি নাড্ডা বলেন, “গত ১০ বছর ধরে এক নেতা আয়কর দিচ্ছেন না। তাঁকে জিজ্ঞাসা করা হলে তিনি বলেন ভুলে গিয়েছিলাম। মমতা বন্দ্যোপাধ্যায় কি গত তিন বছর হিসেব দিতে ভুলে গিয়েছিলেন? নাকি টাকা দেওয়া হচ্ছে না বলে উনি চিৎকার করছেন, টাকা আসবে কোথা থেকে? বিনা হিসেবে টাকা দেওয়া কি ঠিক? আপনারা কি চান সরকার এইরকম বেআইনি কাজ করুক? আর যে এই রকম বেআইনি কাজ করে তাকে কি ক্ষমতায় রাখা উচিত? একদমই উচিত নয়। এই কথাটাই মানুষকে গিয়ে বলুন।”

