আমাদের ভারত, ৬ ডিসেম্বর: আজ করোনায় মৃতদের ক্ষতিপূরণ দেওয়ার ক্ষেত্রে ঢিলেমির অভিযোগে সুপ্রিম কোর্টের তীব্র ভর্ৎসনার মুখে পড়ল পশ্চিমবঙ্গ সরকার। তবে শুধু পশ্চিমবঙ্গ নয়, মহারাষ্ট্র এবং রাজস্থান সরকারকেও এই একই কারণে ভর্ৎসনা করেছে দেশের শীর্ষ আদালত।
গত ১০ অক্টোবর করোনায় মৃতদের পরিবারকে ৫০ হাজার টাকা করে আর্থিক ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দিয়েছিল সুপ্রিম কোর্ট। কেন্দ্র এবং রাজ্য সরকারের বিভিন্ন প্রকল্পের আওতায় এই টাকা দেওয়ার কথা। আর সেই সংক্রান্ত মামলার শুনানি ছিল আজ সুপ্রিম কোর্টে। পশ্চিমবঙ্গের ক্ষেত্রে সুপ্রিম কোর্ট বলেছে যে ১৯ হাজারেরও বেশি মানুষ করোনায় প্রাণ হারিয়েছে। কিন্তু মাত্র ৪৬৭টি আবেদন গৃহীত হয়েছে। তার মধ্যে এখনো পর্যন্ত ক্ষতিপূরণ পেয়েছে মাত্র ১১০টি পরিবার। আর এই কারণেই রাজ্য সরকারকে তীব্র ভর্ৎসনা করেছে সুপ্রিম কোর্ট।
মহারাষ্ট্র সরকারের ভূমিকায়ও তীব্র অসন্তোষ প্রকাশ করেছে শীর্ষ আদালত। করোনায় ১ লক্ষেরও বেশি মানুষের মৃত্যু হয়েছে। কিন্তু মাত্র ৩৭ হাজার আবেদন গৃহীত হয়েছে। আর একজনকেও ক্ষতিপূরণ দেওয়া হয়নি। মহারাষ্ট্র সরকারের আইনজীবীকে সুপ্রিম কোর্ট স্পষ্ট জানিয়েছে, এই ঘটনা কোনওভাবে বরদাস্ত করা হবে না। এই কাজ তাড়াতাড়ি শুরু না হলে রাজ্য সরকারের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে পারে শীর্ষ আদালত বলেও মহারাষ্ট্র সরকারের তরফে আইনজীবীকে হুঁশিয়ারি দিয়েছেন বিচারপতি।
রাজস্থানের ক্ষেত্রেও একইভাবে বিরক্তি প্রকাশ করেছে শীর্ষ আদালত। সেখানেও প্রায় ৯ হাজার মানুষ করোনায় প্রাণ হারিয়েছেন। যার মধ্যে মাত্র ৫৯৫টি আবেদন গৃহীত হয়েছে। কেউ এখনও ক্ষতিপূরণ পায়নি। রাজস্থান সরকারের আইনজীবীকে কড়া ভাষায় শীর্ষ আদালত বলেছে, “আপনার সরকারকে মানুষ হতে বলুন।”
আদালতে রাজ্য সরকারগুলিকে ক্ষতিপূরণ প্রকল্প সম্পর্কে সংবাদপত্র, টেলিভিশন, রেডিওর মাধ্যমে প্রচার নিশ্চিত করার নির্দেশ দিয়েছে। যাতে আরও বেশি করে ক্ষতিপূরণের জন্য মানুষ এগিয়ে আসে। এ মামলার পরবর্তী শুনানি হবে ১০ ডিসেম্বর।

