আমাদের ভারত, ২৩ মার্চ: কেন মুসলিমদের একাধিক বিয়েতে অনুমতি দেওয়া হবে? এই বিষয়ে আপত্তি তুলে সুপ্রিম কোর্টে আবেদন জমা পড়েছিল। সেই আবেদনের ভিত্তিতেই বৃহস্পতিবার সুপ্রিম কোর্ট জানিয়েছে এই আপত্তি খতিয়ে দেখতে সাংবিধানিক বেঞ্চ তৈরি করা হবে। আবেদনপত্রে বলা হয়েছে অন্য ধর্মে একাধিক বিয়ের রীতি যখন নিষিদ্ধ, তখন কোনো একটি নির্দিষ্ট ধর্মীয় সম্প্রদায়ের ক্ষেত্রে এই রীতিকে অনুমতি দেওয়া যায় না।
দেশের প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়, বিচারপতি বিএফ নরসিমা, বিচারপতি জেবি পারদিওয়ালার বেঞ্চে এই পিটিশন আনেন আইনজীবী অশ্বিনী উপাধ্যায়। এই পিটিশন প্রসঙ্গে প্রধান বিচারপতি বলেন, সঠিক সময়ে এই নিয়ে সাংবিধানিক বেঞ্চ তৈরি করব।
আবেদনপত্রে উল্লেখ করা হয়েছে যেখানে অন্য ধর্মে একাধিক বিয়ের রীতি নিষিদ্ধ, সেখানে কোনো একটি নির্দিষ্ট ধর্মীয় সম্প্রদায়ের ক্ষেত্রে এই রীতিকে অনুমতি দেওয়া যায় না। এই রীতিকে অসংবিধানিক ঘোষণা করার আর্জি জানানো হয়েছে পিটিশনে। পাশাপাশি এই ধরনের রীতি আসলে মহিলাদের ওপর নিপীড়ন বলেও উল্লেখ করা হয়েছে আবেদনপত্রে।
ভারতীয় দণ্ডবিধির ৪৯৪ ধারা অনুযায়ী বিবাহিত কোন স্বামী বা স্ত্রী যদি বর্তমানে দ্বিতীয় বিয়ে করেন তাহলে সেই বিয়ে বাতিল করা হয়। একই সঙ্গে শাস্তি হিসেবে কারাদন্ডের সাজা এবং জরিমানারও বিধান রয়েছে। কিন্তু মুসলিমদের ক্ষেত্রে এই ধারা প্রযোজ্য হয় না।
শরিয়ত আইনে বা মুসলিম পার্সোনাল ল’য়ের অ্যাপ্লিকেশন অ্যাক্টে ১৯৩৭ এর ২ নম্বর ধারায় একাধিক বিয়েতে মুসলিম পুরুষদের অনুমতি দেওয়া হয়েছে। আবেদনপত্রে এই ধারাকেই অসাংবিধানিক হিসেবে ঘোষণা করার আর্জি জানানো হয়েছে।

