“পশ্চিমবঙ্গের সেতু ভেঙ্গে গেলে কেন তদন্ত হয় না?” গুজরাট ব্রিজ ভাঙ্গার প্রসঙ্গে তৃণমূল সরকারকে আক্রমণ সুকান্ত’র

আমাদের ভারত, ৩১ অক্টোবর: গুজরাটে মোরবি জেলায় সেতু বিপর্যয়ের ঘটনায় শেষ খবর পাওয়া পর্যন্ত মৃত্যু হয়েছে কমপক্ষে ১৪১ জনের। সেই ঘটনায় তদন্তের জন্য তৈরি হয়েছে উচ্চ ক্ষমতা সম্পন্ন একটি কমিটি। সেই প্রসঙ্গ তুলে পশ্চিমবঙ্গের শাসক দলকে আক্রমণ করেন বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। তিনি প্রশ্ন করেছেন পশ্চিমবঙ্গের সেতু ভেঙ্গে গেলে কেন তদন্ত হয় না?

পূর্ব মেদিনীপুরের তমলুকে দেবী বর্গভীমা মায়ের মন্দিরে পুজো দিয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে সুকান্ত মজুমদার বলেন, গুজরাটে সেতু দুর্ঘটনায় সাহায্যের হাত বাড়িয়েছেন প্রধানমন্ত্রী। কিন্তু সব থেকে বড় কথা হল তদন্ত হবে। আর তদন্ত হলে যারা অপরাধী তারা ধরা পড়বে কিন্তু পশ্চিমবঙ্গে কোনো সেতু ভেঙ্গে গেলে তার তদন্ত হয় না।

এ প্রসঙ্গ বলতে গিয়ে, উত্তর কলকাতার পোস্তা ব্রিজ ভেঙ্গে পরার কথা তিনি উল্লেখ করেন। তিনি বলেন, পোস্তা ব্রিজ ভাঙ্গার ঘটনা প্রায় ৬ বছর হতে চলল কিন্তু এখনো পর্যন্ত কাউকে শাস্তি দেওয়া হয়নি। এই মুহূর্তে পশ্চিমবঙ্গের গ্রামীণ এলাকায় কমপক্ষে ৫০টি ব্রিজ ভাঙ্গার মুখে রয়েছে বলে তাঁর অভিযোগ।

দুদিনের সফরে পূর্ব মেদিনীপুর জেলায় গিয়ে সোমবার সকালে দেবী বর্গভীমা মায়ের মন্দিরে পুজো দেন সুকান্ত মজুমদার। পুজো দেওয়ার পর সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে তিনি বলেন, মায়ের কাছে প্রার্থনা করলাম মা যেন অসুর নাশ করেন। পশ্চিমবঙ্গে অসুরের সংখ্যা বেড়ে গিয়েছে। আগামী দিনে তিনি যেন বাংলার অসুর নাশ করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *