শুধু মুসলিমদের জন্য ব্যতিক্রম কেন? নমাজের জন্য শুক্রবার রাজ্যসভায় বরাদ্দ অতিরিক্ত বিরতি বাতিল করলেন জগদীপ ধনখড়

আমাদের ভারত, ১১ ডিসেম্বর: নমাজ পড়ার জন্য শুক্রবার অর্থাৎ জুম্মাবারে রাজ্যসভার বিরতিতে অতিরিক্ত ৩০ মিনিট বরাদ্দ থাকতো। কিন্তু দীর্ঘদিনের এই নিয়ম বন্ধ করলেন রাজ্যসভার চেয়ারম্যান তথা উপরাষ্ট্রপতি জগদীপ ধনখড়। তাঁর বক্তব্য, লোকসভার সঙ্গে সমতা আনতেই রাজ্য সভাতে এই সিদ্ধান্ত নিয়েছেন তিনি। একই সঙ্গে তাঁর দাবি, সংসদে সকল সম্প্রদায়ের সদস্যরা রয়েছেন, শুধুমাত্র মুসলিমদের জন্য ব্যতিক্রম কেন হবে?

জানাগেছে, সংসদের অধিবেশন চলাকালীন রাজ্যসভার মধ্যাহ্নভোজের বিরতি নির্ধারিত ছিল দুপুর একটা থেকে দুটো পর্যন্ত। তবে শুক্রবার সেই বিরতির সময় ছিল একটা থেকে আড়াইটে পর্যন্ত। তার মূল কারণ ছিল, রাজ্যসভার মুসলিম সদস্যরা যাতে নমাজ পাঠ করতে পারেন তার জন্য অতিরিক্ত তিরিশ মিনিট বরাদ্দ করা ছিল। কিন্তু রাজ্যসভার চেয়ারম্যান তথা উপরাষ্ট্রপতি এই অতিরিক্ত ৩০ মিনিট সময়ের প্রত্যাহারের সিদ্ধান্তের কথা জানিয়েছেন। গত ৮ ডিসেম্বর থেকে এই সিদ্ধান্ত পালন করার কথা বলা হয়েছে।

রাজ্যসভার মুসলিম সদস্যদের জন্য নমাজ পড়ার নির্ধারিত সময় প্রত্যাহার নিয়ে সরব হয়েছিল ডিএমকে। রাজ্যসভার অধিবেশন শুরু হলে এই নিয়ে চেয়ারম্যান তথা উপরাষ্ট্রপতির দৃষ্টি আকর্ষণ করেন তারা। এ ব্যাপারে ডিএমকে সাংসদ শিবাকে বক্তব্য রাখার অনুমতিও দেন চেয়ারম্যান ধনখড়।

বক্তব্য রাখতে গিয়ে ডিএমকে সাংসদ বলেছিলেন যে, প্রতি শুক্রবার নমাজ পাঠের জন্য মধ্যাহ্নভোজের বিরতি ৩০ মিনিট বেশি থাকতো, কিন্তু সেই অতিরিক্ত সময় প্রত্যাহার করা হয়েছে। কবে এবং কেন এই সিদ্ধান্ত নেওয়া হলো তা নিয়ে প্রশ্ন তোলেন তিনি। এরপরই ডিএমকে সাংসদের প্রশ্নের জবাব দেন ধনখড়। তিনি বলেন, শুক্রবার অতিরিক্ত তিরিশ মিনিট সময় প্রত্যাহারে সিদ্ধান্ত আগেই নেওয়া হয়েছিল। এক ঘন্টা বিরতির পর লোকসভার কার্যক্রম শুরু হয়ে যায় দুপুর দুটোতেই। রাজ্যসভা এবং লোকসভা উভয়ই সংসদের অংশ। তাই তাঁর মতে, মধ্যাহ্নভোজের বিরতির পর দুই সভার কাজও একসঙ্গে শুরু হওয়া উচিত। সমতা রাখতে এই সিদ্ধান্ত বলে জানিয়েছেন তিনি।

একই সঙ্গে ধনখড়ের আরও দাবি, সংসদে সমস্ত সম্প্রদায়ের সদস্যরাই রয়েছেন, তাহলে কেবলমাত্র মুসলিম সাংসদ সদস্যদের জন্য নিয়মের ব্যতিক্রম হবে কেন? কোনো একটি নির্দিষ্ট সম্প্রদায়ের জন্য কোনো ব্যতিক্রম হতে পারে না।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *