সাথী দাস, পুরুলিয়া, ১৫ মার্চ: “রক্ষকই ভক্ষক! তাই আমরা সিবিআই তদন্তের দাবি করছি।” ঝালদায় নিহত কংগ্রেস নেতা তপন কান্দুর পরিবারের সাথে দেখা করতে এসে এমনই কথা বললেন প্রাক্তন বিধানসভার বিরোধী দলনেতা ও বর্তমানে কংগ্রেস নেতা আব্দুল মান্নান। আজ তিনি কলকাতা থেকে ঝালদায় আসন। তৃণমূলকে তোপ দেগে বলেন, “হাইকোর্টে মামলা দায়ের করা হয়েছে। মুখ্যমন্ত্রীর রাজত্বে যত মানুষ এই ভাবে খুন হচ্ছে তাদের জন্য ও আমরা কলকাতা হাইকোর্টে মামলা দায়ের করে সিবিআই তদন্ত দাবি করছি। সব জায়গায় অডিও ভাইরাল হচ্ছে। পুলিশ অফিসাররা যুক্ত”।

তিনি প্রশ্ন তোলেন এই অডিও ভাইরাল হওয়ার পর কেন আইসি সঞ্জীব ঘোষ বা জেলার পুলিশ সুপারকে সাসপেন্ড করছেন না। মুখ্যমন্ত্রী সব জানেন, তাই তিনি কোনো ব্যবস্থা নিচ্ছেন না। আমরা চাই আইসিকে বরখাস্ত করা হোক। কিন্তু যিনি স্বরাষ্ট্রমন্ত্রী তিনিই চাইছেন না।

