“লোকায়ুক্ত নিয়োগে কেন মত নেওয়া হয়নি বিরোধী দল নেতার?”, রাজ্য সরকারের কাছে জানতে চাইলেন রাজ্যপাল

আমাদের ভারত, ২ জানুয়ারি: রাজ্য রাজ্যপালের সংঘাত স্তিমিত হয়নি, তার মধ্যেই লোকায়ুক্ত নিয়োগের বিষয়টি নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের কাছে জবাব চাইলেন রাজ্যপাল। রাজ্য বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী রাজ্যপালের কাছে অভিযোগ জানিয়েছিলেন লোকায়ুক্ত নিয়োগের বিষয়ে।

রাজ্যে লোকায়ুক্ত নিয়োগের জন্য যে কমিটি গঠন করা হয়েছে তার একজন সদস্য বিরোধী দলনেতা। এই পরিস্থিতিতে শুভেন্দু অধিকারী রাজ্যপালকে অভিযোগ করেছেন কমিটির মতামত না নিয়ে লোকায়ুক্ত নিয়োগের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সেই অভিযোগের প্রেক্ষিতেই রাজ্য সরকারের কাছে জবাবদিহি চাইলেন রাজ্যপাল জগদীপ ধনকর।

এই বিষয়ে টুইটারে তিনি প্রশ্ন তুলেছেন। কার আদেশে ২২ ডিসেম্বর বিরোধী দলনেতার মতামত ছাড়া একটি বিচার মূলক দৃষ্টিভঙ্গি নিয়ে নিষ্পত্তি করা হয়েছিল। এনএসপি ৩ এর বিষয়ে দৃষ্টিভঙ্গি নেওয়ার ক্ষেত্রে কোন কোন কর্তৃপক্ষ জড়িত? কেন ২২ ডিসেম্বর বিরোধী দলের নেতার মতামত কমিটির সামনে উপস্থাপন করা হয়নি? এই তিন বিষয়ে রাজ্য সরকারের জবাব চেয়েছেন রাজ্যপাল।

প্রসঙ্গত উল্লেখ্য, এই সিলেকশন কমিটির সদস্য হলেন মুখ্যমন্ত্রী, বিধানসভার অধ্যক্ষ এবং বিরোধী দলনেতা ও পরিষদীয় মন্ত্রী। কিন্তু এই দিনের বৈঠকে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী উপস্থিত ছিলেন না। বিধানসভা সূত্রে খবর, গত ২২ ডিসেম্বর মুখ্যসচিবকে চিঠি দিয়ে শুভেন্দু অধিকারী মনোনীত সদস্য নিয়ে কার নাম ভাবনা-চিন্তায় রয়েছে তা জানতে চেয়েছিলেন। কিন্তু সরকার সেটা না জানানোয় তিনি বৈঠকে আসেননি বলে শুভেন্দুর দাবি। তিনি জানিয়েছিলেন তিনি এক্ষেত্রে আলাদা নাম প্রস্তাব করবেন এবং রাজ্যপাল জগদীপ ধনকরকে সেটা পাঠাবেন। শুভেন্দু অধিকারী দাবি করেছিলেন মুখ্যমন্ত্রী, অধ্যক্ষ যেমন নিজেদের মতো করে নাম প্রস্তাব করতে পারেন তেমনি বিরোধী দলনেতার অধিকার রয়েছে নাম প্রস্তাবের। তিনি আরও দাবি করেন এক্ষেত্রে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন রাজ্যপাল নিজে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *