আমাদের ভারত, ১৬ নভেম্বর:মোদী সরকারের সঙ্গে মমতা সরকারের সংঘাত নতুন নয়। তারই মধ্যে আবার নতুন সংঘাতের আবহ তৈরি হতে চলেছে বলে মনে করছেন ওয়াকিবহাল মহল। কেন্দ্রীয় সরকারের প্রকল্পের কাজ পশ্চিমবঙ্গে কেমন চলছে, সেগুলি কেন্দ্রের দেওয়া নামেই চলছে নাকি তার নাম বদল করা হয়েছে, তা একেবারে সরে জমিনে খতিয়ে দেখতে আসছে কেন্দ্রের প্রতিনিধি। বিজেপির তরফে বার বার অভিযোগ করা হয়েছে কেন্দ্র সরকারের প্রকল্পগুলির নাম পরিবর্তন করে রাজ্য সরকার সেগুলো নিজের বলে দাবি করে।
বিজেপির করা সেই সব অভিযোগ খতিয়ে দেখতে এবার রাজ্যে আসছে কেন্দ্রের প্রতিনিধি দল। গ্রাম উন্নয়ন ও পঞ্চায়েত পরিষেবার সঙ্গে যুক্ত বিষয়গুলি নিয়ে কেন্দ্রের যেসব প্রকল্প রয়েছে, রাজ্য সঠিকভাবে তার কাজ করছে কিনা তা খতিয়ে দেখবে প্রতিনিধিদল। প্রথমে তাদের যাওয়ার কথা দক্ষিণ ২৪ পরগনা সাগরদ্বীপে। মকর সংক্রান্তিতে গঙ্গাসাগরে মেলা বসবে, তার আগেই গ্রামোন্নয়নের ক্ষেত্রে জনস্বাস্থ্য কারিগরি দপ্তর থেকে কি কি কাজ করা হয়েছে তা খতিয়ে দেখবে প্রতিনিধিদল। এছাড়াও গ্রামীণ রাস্তা নির্মাণ, পরিশ্রুত পানীয় জল, গ্রামের পরিকাঠামোগত উন্নয়নের কাজ সঠিকভাবে করা হয়েছে কিনা ও কেন্দ্র সরকারের দেওয়া অর্থ সঠিকভাবে খরচ করা হয়েছে কিনা তাও খতিয়ে দেখবে প্রতিনিধিদল।
এরপর কেন্দ্রীয় প্রতিনিধিরা নবান্নে রাজ্যের শীর্ষ নেতাদের সঙ্গে বৈঠকে বসতে পারেন বলে শোনা যাচ্ছে। রাজ্যের মুখ্যসচিব হরেকৃষ্ণ দ্বিবেদী,পঞ্চায়েত সচিব ও জনসাস্থ কারিগরি দপ্তরের সচিব সুরেন্দ্র ভক্তের সঙ্গে বৈঠকে বসতে পারেন বলে খবর।
প্রশাসনিক মহল সূত্রে খবর, কিছু কেন্দ্রীয় সরকারি প্রকল্পের নাম পশ্চিমবঙ্গ সরকার বদলে দিয়েছে। বিজেপি নেতারা সেটা নিয়ে বার বার অভিযোগ তুলেছে। এই প্রকল্পের নাম বদল নিয়ে প্রতিনিধি দল প্রশ্ন তুলতে পারে বলে মনে করা হচ্ছে।
জানা গেছে কেন্দ্র রাজ্যগুলিকে বলেছে কেন্দ্রের দেওয়া প্রকল্পের নাম বজায় রাখতে হবে, না হলে বরাদ্দ বন্ধ করে দেওয়া হবে। নতুন করে আর কোন টাকা অনুমোদন করা হবে না। প্রতিটি প্রকল্পের সামনে কেন্দ্রীয় প্রকল্পের বোর্ড লাগাতে হবে। ইতিমধ্যে ১০০ দিনের কাজ সহ বিভিন্ন প্রকল্পের অনুমোদনের কাজ আটকে রয়েছে। এক মাস হয়ে গেছে নতুন করে লেবার বাজেট অনুমোদন করেনি কেন্দ্রীয় গ্রামোন্নয়ন মন্ত্রক। প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনা অনুমোদন এখনো আসেনি। সমস্ত প্রকল্পের সামনে কেন্দ্রের দেওয়া প্রকল্পের নাম লেখা হয়েছে কিনা তা দেখবে কেন্দ্রীয় প্রতিনিধি দল আসবে। যেসব প্রকল্প গুলির নাম পরিবর্তন করা হয়েছে, তার মধ্যে রয়েছে প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনা, যার নাম পরিবর্তন করে করা হয়েছে বাংলা গ্রামীণ সড়ক যোজনা। প্রধানমন্ত্রী আবাস যোজনা নাম পরিবর্তন করে করা হয়েছে বাংলার আবাস যোজনা। ন্যাশনাল রুরাল লাইভলি উড মিশনের নাম বদলে করা হয়েছে আনন্দধারা। স্বচ্ছ ভারত মিশনের রাজ্যের নামকরণ করা হয়েছে মিশন নির্মল বাংলা। শহরাঞ্চলে হাউসিং ফর অল প্রকল্পের নাম রাজ্যে করা হয়েছে বাংলার বাড়ি।

