“২০২১- পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী কে হবেন, আমিই ঠিক করব” দাবি আব্বাস সিদ্দিকির

আমাদের ভারত, ৪ মার্চ: ২০২১-এ পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী কে হবেন তা আমিই ঠিক করবো। মধ্যমগ্রামের পাটুলিয়ার এক সভা থেকে এমনটা দাবি করেছেন আইএসএফ প্রধান আব্বাস উদ্দিন সিদ্দিকি। তার দাবি রাজ্যের মুখ্যমন্ত্রী এবার কে হবে, তার চাবিকাঠি রয়েছে তার হাতেই। তিনি যেদিকে চাইবেন সে দিক থেকেই হবে মুখ্যমন্ত্রী।

মধ্যমগ্রামের পাটুলিয়ায় আইএসএফ সমর্থনকারীদের ওপর হামলা, মারধর, ও তাদের বাড়িতে ভাঙচুরের অভিযোগ উঠেছিল। সেইসব সমর্থকদের সঙ্গে দেখা করতে মধ্যমগ্রামে যান আব্বাস। সেখানে গিয়ে একটি সভা করেন তিনি।সেখানেই তিনি দাবি করেন ২০২১ এ পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী কে হবেন, তা ঠিক করবেন তিনি।

তিনি বলেন,” ২০২১ এর যত ডাটা রিপোর্ট আছে তারা সবাই বলেছেন, আব্বাস উদ্দিন সিদ্দিকি মুখ্যমন্ত্রী নির্বাচনের ফায়সালা করবে। আমি যেটা চাইব সেটাই হবে। আমি এখন এমন একটা ব্যালেন্সের জায়গাতেই চলে গেছি। কেউ এখন আর একা হতে পারছে না।” আই এস এফ এর প্রধান দাবি করেছেন ব্রিগেডের পর থেকে এই পরিবর্তনটা আর বেশি করে উঠে এসেছে। তিনি বলেন, মিডিয়া বলছে ব্রিগেডের ইতিহাসে এত লোক কখনো হয়নি। তবে তার দাবি পৃথিবীর ইতিহাসে কলকাতার ব্রিগেড এখনো পর্যন্ত প্রথম স্থানে রয়েছে।

ব্রিগেডের পর থেকেই আব্বাসকে নিয়ে রাজ্য রাজনীতিতে তরজা তুঙ্গে উঠেছে। বিজেপি ও তৃণমূল বামদের কটাক্ষ করে বলেছে, এক মৌলবাদীর সাথে জোট করে নিজেদের ধর্মনিরপেক্ষ বলেছেন বামেরা। এমনকি বামেদের অন্দরমহলেও আব্বাসের সাথে করা জোট নিয়ে দ্বিমত রয়েছে। তাছাড়া ব্রিগেডের দিন মঞ্চে আব্বাসকে নিয়ে কিছু বামনেতার অতি উৎসাহকেও অনেকেই ভালো চোখে দেখেনি। কিন্তু তার মধ্যে আব্বাসের ঝাঁঝালো বক্তব্যে উত্তাল হয়েছে ব্রিগেড। তবে তার বক্তব্য নিয়েও উঠেছে প্রশ্ন। তিনি স্পষ্ট জানিয়েছেন তিনি ভাগিদারী করতে এসেছেন, তোষন নয়। এরপর আবার মধ্যমগ্রামে তার বিস্ফোরক দাবি তিনি ঠিক করবেন কে হবেন মুখ্যমন্ত্রী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *