সুশান্ত ঘোষ, আমাদের ভারত, উত্তর ২৪ পরগণা, ৬ জুলাই: বনগাঁ পঞ্চায়েত সমিতির বিজেপি প্রার্থীর বাড়িতে তিনটি তাজা বোমা, সাদা থান আর রজনীগন্ধার মালা পাঠিয়ে ফের বিরোধী প্রার্থীকে প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। ঘটনাটি ঘটে উত্তর ২৪ পরগনার বনগাঁ ব্লকের ঘাটবাত্তর গ্রাম পঞ্চায়েত এলাকার বিজেপির পঞ্চায়েত সমিতির ২০ নম্বর ওয়ার্ডের প্রার্থী প্রতীক মন্ডলের বাড়িতে। এই ঘটনায় এলাকায় উত্তেজনা ছড়ায়। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ গিয়ে বোমা উদ্ধার করে।
বৃহস্পতিবার সকালে ঘাটবাওর গ্রাম পঞ্চায়েত এলাকার পঞ্চায়েত সমিতির বিজেপি প্রার্থীকে এ ভাবে হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে। বাম আমলে সেখানে এ ভাবেই তৎকালীন বিরোধীদের বাড়িতে সাদা থান পাঠিয়ে হুমকি দেওয়া হত বলে অভিযোগ। পুরনো সেই সাদা থানের সংস্কৃতি এবার গ্রামের ভোটে ফের ফিরছে।

বিজেপি প্রার্থী প্রতীক মন্ডলের অভিযোগ, এদিন সকালে ভোটের প্রচারে বেরনোর সময় তিনি লক্ষ করেন তিনটি বোমা, সাদা থান, মিষ্টির প্যাকেট এবং একটি রজনীগন্ধা ফুলের মালা রেখে যায় দুষ্কৃতীরা। এই এলাকায় লড়াই মূলত ত্রিমুখী। যা বুঝছি নির্বাচন থেকে সরে দাঁড়ানোর জন্যই আমাকে হুমকি দেওয়া হয়েছে। তাঁর কথায় বুধবার রাত এগারোটা নাগাদ ভোটের বৈঠক সেরে যখন বাড়ি ঢুকি তখনও তৃণমূলের একদল দুষ্কৃতী মদ্যপ অবস্থায় কটুক্তি করছিল। তারপর এই হুমকি।
ঘটনার খবর পেয়ে এলাকায় আসেন বনগাঁ উত্তরের বিজেপি বিধায়ক অশোক কীর্তনিয়া। তিনি বলেন, তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা আমাদের প্রার্থীদের ভয় দেখানোর জন্য এই সব করছে। আসলে বিজেপি ভয় পাচ্ছে, কারণ বনগাঁর মাটি বিজেপির।

