আশিস মণ্ডল, রামপুরহাট, ১০ জানুয়ারি: মা তারার পুজো দিতে গিয়ে টোটো চালকদের হাতে প্রহৃত হয়ে তারাপীঠ ছাড়লেন পুন্যার্থীরা। ভাঙ্গচুর করা হয়েছে পুন্যার্থীদের গাড়ি। উপযুক্ত পুলিশি নিরাপত্তা না পেয়ে পুজো না দিয়েই তারাপীঠ ছাড়েন আক্রান্ত দুটি পরিবার।

জানা গিয়েছে, সোমবার সন্ধ্যায় দক্ষিণ দিনাজপুর জেলার গঙ্গারামপুর থেকে দেওঘর হয়ে সড়কপথে তারাপীঠে পৌঁছন প্রণবেশ ঘোষ ও প্রবীর ঘোষের পরিবার। তারাপীঠের দ্বারকা নদীর সেতু পেরিয়ে মুণ্ডমালিনী তোলা রাস্তা ধরে লজে যাওয়ার চেষ্টা করলে এক টোটো চালক প্রণববাবুর গাড়িতে ধাক্কা মারে। প্রণববাবু এবং তার চালক প্রতিবাদ করতে গেলে টোটো চালক প্রণববাবুর উপর চড়াও হয়। এরপর আরও কিছু লোকজন ডেকে এনে টোটো চালকরা প্রণবেশবাবুর গাড়ির কাঁচ ভাঙ্গচুর করে। গাড়ি লক্ষ্য করে ইট পাথর ছোড়ে। মারধর করা হয় প্রণববাবুর বৃদ্ধ শ্বশুর-শাশুড়িকে। গাড়ির ভাঙ্গা কাঁচে প্রত্যেকের শরীর রক্তাক্ত হয়েছে। সঙ্গে সঙ্গে বিষয়টি ঢিল ছোড়া দূরত্বে তারাপীঠ থানায় জানানো হলে পুলিশ তিন টোটো চালককে আটক করে। গাড়ির কাঁচ ভাঙ্গতে গিয়ে এক টোটো চালকের হাত রক্তাক্ত হয়।

প্রণবেশবাবু বলেন, “সন্ধ্যার সময় আমরা তারাপীঠে ঢুকে আগে থেকে বুকিং করা লজের দিকে যাচ্ছিলাম। যাওয়ার সময় এক টোটো চালক নিজেই আমাদের গাড়িতে ধাক্কা মারে। আমরা প্রতিবাদ করতেই আমাদের উপর চড়াও হয়। টোটো চালকরা প্রত্যেকে মদ্যপ অবস্থায় ছিল। আমরা তারাপীঠ থানায় লিখিত অভিযোগ জানিয়েছি। এই কাণ্ড দেখে আমরা আতঙ্কিত হয়ে পড়েছি। নিরাপত্তার অভাবে আমরা তারাপীঠে থাকার সাহস পাচ্ছি না। তাই ফিরে যাচ্ছি। মা তারার পুজো দিতে এসে এমন অভিজ্ঞতার সম্মুখীন হতে হবে ভাবতেও পারিনি”।

