বালুরঘাটে আবাস যোজনার তথ্য যাচাই করতে গিয়ে গ্রামবাসীদের হাতে মার খেলেন সরকারী কর্মীরা, প্রতিবাদে কাজ বন্ধ পঞ্চায়েতগুলিতে

পিন্টু কুন্ডু , বালুরঘাট, ১০ আগস্ট: আবাস যোজনার ঘরের লিস্টের তথ্য যাচাই করতে গিয়ে বাসিন্দাদের হাতে ধোলাই হলেন সরকারী কর্মীরা। প্রতিবাদে গ্রাম পঞ্চায়েতগুলিতে দিনভর কাজ বন্ধ রেখে বিক্ষোভ পঞ্চায়েত কর্মীদের। মঙ্গলবার এই ঘটনাকে ঘিরে তুমুল উত্তেজনা ছড়ায় বালুরঘাটে।

জানা যায়, সোমবার বালুরঘাট ব্লকের বোল্লা গ্রাম পঞ্চায়েতের শরনগ্রামে সরকারি প্রকল্পের ঘরের তালিকা যাচাই করতে যান পঞ্চায়েত কর্মীরা। সেখানে পৌছতেই স্থানীয়দের ক্ষোভের মুখে পড়েন সরকারী ওই কর্মীরা।
তাদের দাবি, সরকারী কর্মীরা যে লিস্ট এনেছেন সেটি সম্পুর্ন ভুয়ো। ঘটনার পর আক্রান্ত ওই পঞ্চায়েত কর্মীদের চিকিৎসার জন্য ভর্তি করা হয় বালুরঘাট জেলা হাসপাতালে। এর প্রতিবাদে এদিন কাজ বন্ধ রেখে পঞ্চায়েতকর্মীরা বালুরঘাট ব্লকের বিডিও, জেলা পঞ্চায়েত আধিকারিক সহ অন্যান্য আধিকারিকদের কাছে লিখিত অভিযোগ জানান৷

দুপুরে বালুরঘাট স্টেডিয়ামে প্রায় ১১টি গ্রাম পঞ্চায়েতের ৬০ জন কর্মী একত্রিতভাবে ঘটনার প্রতিবাদ জানিয়েছেন। অভিযুক্তদের শাস্তি না হলে আগামীদিনে আরও বড় আন্দোলনে শামিল হবেন বলেও হুঁশিয়ারি দেওয়া হয়েছে পঞ্চায়েত কর্মীদের তরফে।

বাবুন রায় ও সপ্তর্ষি রায় নামে আহত ওই দুই পঞ্চায়েত কর্মী বলেন, বিডিও অফিস থেকে দেওয়া তালিকা নিয়ে এলাকায় যেতেই তাদের মারধর করা হয়েছে। তাদের লিস্ট ভুয়ো বলেই মারা হয়েছে। যার প্রতিবাদেই এদিন কাজ বন্ধ রেখেছেন সকল পঞ্চায়েত কর্মীরা। অভিযুক্তদের গ্রেপ্তার করা না হলে আগামীতে বড়সড় আন্দোলনে নামবেন তারা।

যদিও বালুরঘাট ব্লকের বিডিও অনুজ শিকদার জানিয়েছেন, পুলিশ প্রশাসনকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আবেদন জানিয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *