চিন্ময় ভট্টাচার্য, আমাদের ভারত, ২৪ মে: রাজ্য সরকারের সঙ্গে রাজ্যপালের সংঘাত অব্যাহত। গতকালই রাজ্য সরকারের সেনা নামানোর প্রস্তাবের প্রশংসা করেছিলেন রাজ্যপাল জগদীপ ধনকড়। কেন আগে সেনা নামানোর সিদ্ধান্ত নেওয়া হয়নি, রাত পোহাতেই রাজ্য সরকারের সমালোচনা করে সেই প্রশ্ন তুলল রাজভবন।
ঘূর্ণিঝড় আমফানের তাণ্ডবে বেহাল দশা জেলা থেকে মহানগরীর রাস্তাঘাটের। গাছ উপড়ে পড়ায় ব্যাহত হচ্ছে যান চলাচল। তার ওপর নেই বিদ্যুৎ, নেই জল। এদিকে করোনা মোকাবিলায় জারি রয়েছে চতুর্থ দফার লকডাউন। এমতাবস্থায় চরম দুর্ভোগে দিন কাটছে মানুষের। রাজ্যে দুর্যোগ পরিস্থিতির মোকাবিলার জন্য তাই সরকারের অনুরোধ মেনে শনিবার রাতে কলকাতা ও দুই ২৪ পরগনায় নামানো হয়েছে পাঁচ কলাম সেনা। এর পর টুইটে রাজ্যের সেনা নামানোর অনুরোধ ও সেনাবাহিনীর ভূয়সী প্রশংসা করেন রাজ্যপাল। এই পর্যন্ত সব কিছু ঠিকঠাক ছিল। কিন্তু রবিবার সকালে ঘটল ছন্দপতন। রাত পেরিয়ে সকাল হতেই মাথাচাড়া দিয়ে উঠল রাজ্য-রাজ্যপাল সংঘাত।
এই পর্যন্ত সব ঠিকই ছিল। কিন্ত রবিবার সকালে দুর্যোগ মোকাবিলায় রাজ্যের ভূমিকার প্রশ্ন তুলে রাজ্য-রাজ্যপাল সংঘাত জিইয়ে তুললেন জগদীপ ধনকড়। এদিন তিনি টুইট করেন,’রাস্তা সাফাইয়ের কাজে আরও তিন দিন আগে সেনা নামানো উচিত ছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের।’ বাংলায় করা টুইটে মুখ্যমন্ত্রীকে বিঁধে তিনি লেখেন, ‘মমতা বন্দ্যোপাধ্যায়ের দফতরকে অনুরোধ করেছিলাম রাজ্যপালের সঙ্গে প্রতিনিয়ত যোগাযোগ রাখার জন্য। সেটা করা হলে আগেই সেনা নামানো যেত।’ একইসঙ্গে বিপর্যস্ত বাংলার ক্ষয়ক্ষতির হিসাব নিয়েও এদিন রাজ্য সরকারকে কটাক্ষ করেছেন রাজ্যপাল। মুখ্যমন্ত্রীর নাম না-করে তিনি বলেন, ‘অতিরঞ্জিত হিসাব না-দেখিয়ে প্রধানমন্ত্রীর দফতরকে সঠিক তথ্য প্রদান করুন।’

