স্নেহাশীষ মুখার্জি, আমাদের ভারত, নদিয়া, ১৯ অক্টোবর: রান্নাঘরে রান্না করতে গিয়ে গ্যাস সিলিন্ডার থেকে গ্যাস লিক করে ভয়াবহ আগুন। আগুনের তীব্রতা বেশি থাকায় তা আশপাশের ঘরগুলোতেও ছড়িয়ে যায়। পরিবারের লোকজন দমকল অফিসে ফোন করলে ঘটনাস্থলে দমকল বাহিনীর কর্মীরা আসে। বেশ খানিকক্ষণের সময়ের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে এলে অল্পের জন্য বড়সড় দুর্ঘটনার হাত থেকে রেহাই পায় পরিবারের লোকজন। ঘটনাটি ঘটে শান্তিপুর ব্লকের বেলঘড়িয়া অঞ্চলের তাল পাড়া এলাকায়।

জানা যায়, মঙ্গলবার সকাল নাগাদ ওই এলাকার বাসিন্দা মৃণাল সরকারের বাড়ির রান্না ঘরে রান্না করতে গিয়ে হঠাৎই গ্যাস সিলিন্ডার থেকে গ্যাস লিক করে। এরপরেই গোটা রান্নাঘরে আগুন লেগে যায়। পরিবারের অন্যান্য সদস্যরা জল ঢেলে আগুন নেভানোর চেষ্টা করলেও আগুন নেভাতে পারিনি। এরপর আগুনের তীব্রতা বেশি থাকার কারণে আগুন ছড়িয়ে পড়ে বাড়ির অন্যান্য জায়গায়। পরিবারের লোকজন দমকল বিভাগে ফোন করলে মাত্র ১০ মিনিটের মধ্যেই দমকল বাহিনীর কর্মীরা এসে আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসে।
এ বিষয়ে দমকলের এক আধিকারিক জানান, রান্নাঘরের গ্যাস সিলিন্ডার লিক করেই এই আগুন। পরিবারের সদস্যরা যদি সচেতন না থাকতেন তাহলে বড়সড় দুর্ঘটনা ঘটে যেতে পারত। যদিও পরিবারের কারোর কোনও ক্ষয়ক্ষতি হয়নি।

