পেগাসাস কাণ্ডে তথ্য কোথায়? ফের মমতাকে খোঁচা রাজ্যপালের

রাজেন রায়, কলকাতা, ২০ ডিসেম্বর: ফোনে আড়িপাতা কাণ্ডে মমতার তদন্ত কমিশনের রিপোর্ট চেয়ে এর আগে একাধিকবার তথ্য চেয়ে পাঠিয়েছেন রাজ্যপাল। কিন্তু তাঁর অভিযোগ, সেই তথ্য পাননি তিনি। এবার সংবিধানের নির্দিষ্ট ধারা উল্লেখ করে মমতা বন্দ্যোপাধ্যায়কে চিঠি দিলেন রাজ্যপাল জগদীপ ধনকর। সোমবার নিজেই টুইটারে বিষয়টি জানান তিনি।

টুইটারে রাজ্যপাল জগদীপ ধনকর লেখেন, গত ২৬ জুলাই (২৬.৭.২০২১) ফোনে আড়িপাতা কাণ্ডে তদন্ত কমিশন গঠন করেন মমতা। অথচ এ বিষয়ে তাঁকে কোনও কিছুই জানানো হয়নি। তদন্ত কমিশন গঠনের ক্ষেত্রে রাজ্যপালের মতামতও নেওয়া হয়নি। রাজ্যপাল টুইটে দাবি করেন, সংবিধানের ১৬৭ ধারা অনুযায়ী এ বিষয়ে রাজ্যপালকে বিস্তারিত জানানো রাজ্যের কর্তব্যের মধ্যে পড়ে।

রাজ্যের মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদীর কাছে এ সংক্রান্ত তথ্য চাওয়া হলে তিনি তা দিতে ব্যর্থ হয়েছেন। গত ৬ ডিসেম্বর এই কমিশন গঠন নিয়ে সরকারি বিজ্ঞপ্তি ও এ সংক্রান্ত নথিপত্র চাওয়া হয় রাজভবনের তরফে। ১০ ডিসেম্বরের মধ্যে তা দিতে বলা হয়েছিল। কিন্তু এ নিয়ে কোনও জবাব সরকারের তরফে আসেনি। এবার কি জবাব দেয় রাজ্য প্রশাসন সেটাই দেখার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *