আমাদের ভারত, পূর্ব মেদিনীপুর, ২০ মার্চ: বহিরাগত গুন্ডারা ভোট দখল করতে এলে মা-বোনেরা হাতা খুন্তি নিয়ে এগিয়ে আসবেন, আমি চাই এবারের লড়াইটা মা-বোনেরা করুন, ছেলেরা তাদের পেছনে থাকুন, পশ্চিম পাঁশকুড়া বিধানসভার মেছোগ্রাম জনসভায় এসে মহিলাদের ভোটের ময়দানে ঝাঁপানোর আহ্বান করলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। এদিনের সভায় তিনি উন্নয়নের খতিয়ান তুলে ধরেন।

পাশাপাশি তিনি বলেন, কিছু মীরজাফর দল থেকে বেরিয়ে গেছে। আমরা খুশি হয়েছি। কোটি কোটি টাকা দিয়ে বিজেপি মানুষ কিনছে। যারা নর কঙ্কালের কারখানা করেছিল সেই সব সিপিএমের হার্মাদ এখন বিজেপির সম্পদ। এই বিজেপি দুরাচারের, এই বিজেপি দানবের, এই বিজেপি সন্ত্রাসের নায়ক। মমতা আরও বলেন, রেল ভর্তি করে বিজেপি গুন্ডা নিয়ে আসবে আর ভোট দখল করবে বলে ভাবছে। কিন্তু আমি বলি এটা অত সহজ নয়। কারণ এটা বাংলা। রাজস্থান উত্তরপ্রদেশ নয়। বাংলার ঘরে ঘরে নজরুল, ঘরে ঘরে রবীন্দ্রনাথ, ঘরে ঘরে নেতাজি।

বক্তৃতার একদম শেষে একের পর এক বিভিন্ন সামাজিক উন্নয়নমূলক প্রকল্পের কথা তুলে ধরেন তিনি। তার পরেই স্লোগান তোলেন, কৃষক মেরে কৃষক প্রেম, এই বিজেপি শেম শেম। শেষে সাধারণ মানুষষের উদ্দেশ্যে তিনি বলেন, বিজেপি ময়াল সাপের থেকেও ভয়ঙ্কর। ওদের ঘরে ঢুকতে দেবেন না। আজ পরপর তিনটি জনসভা করেন মমতা বন্দ্যোপাধ্যায়। প্রথমটি করেন হলদিয়ায়। দ্বিতীয়টি করেন খেজুরিতে। সবশেষে পাঁশকুড়ার মেছোগ্রামে পশ্চিম পাঁশকুড়া বিধানসভার তৃণমূল প্রার্থী ফিরোজা বিবির সমর্থনে জনসভা করেন।

