স্নেহাশীষ মুখার্জি, আমাদের ভারত, নদিয়া, ৯ ফেব্রুয়ারি: তৃণমূল এবং টাকা এই দুটোর মধ্যে যোগাযোগ নিবিড়। তার জন্য তৃণমূল টাকা ছাড়া রাজনীতির কথা ভাবতে পারেন না। করদাতাদের টাকায় ক্লাবগুলোর সমর্থন পাওয়ার জন্য তৃণমূল টাকা দিচ্ছে। খেলা, মেলা, মহোৎসব নিয়ে আছেন এই সরকার, আর পার্শ্বশিক্ষকরা শীতের রাতে বসে আছেন তাদের সঙ্গে কথা বলার লোক নেই। মমতা ব্যানার্জির খরচ করা পাই পয়সার হিসেব নেব বললেন বিজেপির রাজ্য সহ-সভাপতি জয়প্রকাশ মজুমদার।
প্রসঙ্গত, তৃণমূল সরকারের আমলেই সারদা, নারদা কেলেঙ্কারির মতো বড় বড় আর্থিক কেলেঙ্কারি সংঘটিত হয়েছে। সেখানে বহু তাবড় তাবড় নেতাদের টাকা নিতে দেখা গেছে। খেলা মেলা ক্লাবগুলোর টাকা আদান প্রদান নিয়েও উঠেছে একাধিকবার আর্থিক তছরুপের অভিযোগ। আজ মঙ্গলবার নদিয়ার দিকনগরের টালিখোলায় কৃষক সুরক্ষা অভিযানে এক সাংবাদিক সম্মেলনে আসেন রাজ্য সহ-সভাপতি জয়প্রকাশ মজুমদার। এখানে এসে তিনি বলেন, আমরা ক্ষমতায় এসে মমতা ব্যানার্জির খরচ করা পাই পয়সার হিসেব নেব।
এরপর তিনি বিজেপির পরিবর্তন যাত্রা প্রসঙ্গে বলেন, বাহন নিয়ে আমরা যাত্রা করছি সেটাকে বলা হচ্ছে রথ। তৃণমূল ভাবে রথ মানে পুরীর রথ, জগন্নাথ দেবের রথ। এদের পড়াশোনা একটু কম। এরা যদি একটু ভারতীয় সনাতন ধর্ম পুরান দেখেন তাহলে যে কোনও পবিত্র বাহন যা সমাজকে বদলাতে চায়, সমাজের মধ্যে প্রেমের বাণী আনতে চায়, সমাজকে ঠিক পথে চালিত করতে চায় সেটাকেই রথ বলে সনাতন ধর্মে। বিজেপির উঠোন সভা প্রসঙ্গে তিনি জানান, রাজ্যজুড়ে কৃষাণ সভায় কৃষকদের সুরক্ষার জন্য সুখ-দুঃখ আদান-প্রদান করবার জন্য মুষ্টিভিক্ষা করে তা এক জায়গায় সংগ্রহ করা চলছে যা উঠোন সভা নামে পরিচিত হয়ে উঠেছে।

