আমাদের ভারত, ২২ মার্চ: রাজ্যে বিজেপি ক্ষমতায় এলে কোন দিশায় চলবে তার সংকল্পপত্র প্রকাশ করল। সাধারণত সব দল নির্বাচনী ইস্তাহার প্রকাশ করে। কিন্তু বিজেপি একে সংকল্পপত্র নাম দিয়েছে। এই সংকল্পপত্রে মহিলাদের উন্নয়নের বিষয়ে যথেষ্ট গুরুত্ব দেওয়া হয়েছে। তাই ক্ষমতায় এলে মহিলাদের জন্য বিজেপি কী কী করবে তা সংকল্পপত্রের প্রথমেই জানানো হয়েছে।
সংকল্পপত্রের প্রথমেই বলা হয়েছে রাজ্য সরকাির চাকিরে মহিলাদের জন্য ৩৩শতাংশ আসন সংরক্ষণ করা হবে।
প্রাথমিক থেকে স্নাতকোত্তর (কেজি থেকে পিজি) পর্যন্ত সমস্ত মেয়েদের জন্য বিনামূল্যে পড়াশোনার ব্যবস্থা।
মহিলারা বিনামূল্যে স্বাস্থ্যপরিষেবার সুযোগ পাবেন, যার মধ্যে ওপিডি ও উন্নত পরিষেবা রয়েছে।
সরকারি যানবাহনে মহিলারা বিনামূল্যে যাতায়াত করতে পারবেন অর্থাৎ সরকারি যানবাহনে চড়লে তাদের ভাড়া দিতে হবে না।
মহিলা স্বনির্ভর গোষ্ঠীগুলির জন্য মিশন আত্মনির্ভর প্রকল্প করা হবে, এজন্য ৫,০০০ কোটি টাকা বরাদ্দ করা হবে।
বর্তমানে চালু কন্যাশ্রীর পালটা প্রকল্প চালু করার সংকল্প করেছে বিজেপি। বালিকা আলো প্রকল্পের মাধ্যমে মেয়েদের অবিচ্ছিন্ন আর্থিক সহায়তা করা হবে। এছাড়া ১৮ বছর বয়েস প্রত্যেককে ২ লক্ষ টাকা দেওয়া হবে।
বিধবা ভাতা প্রতি মাসে ১,০০০ থেকে বাড়িয়ে ৩,০০০ টাকা করা হবে।
চাকরির ক্ষেত্রে ৩৩ শতাংশ আসন সংরক্ষণ ছাড়াও রাজ্য পুলিশে ৯টি মহিলা পুলিশ ব্যাটেলিয়েন গঠন করা হবে, এমনকী রাজ্য সশস্ত্র
পুলিশ বাহিনীতেও ৩টি মহিলা ব্যাটেলিয়ন করার সংকল্প করেছে বিজেপি।


