আমাদের ভারত, উত্তর ২৪ পরগণা, ২৫ জুলাই: করোনা আক্রান্ত রোগী সুস্থ হয়ে বাড়ি ফেরার সময় মাঝ রাস্তার রোগীকে নামিয়ে দিল অ্যাম্বুলেন্স চালক। শুক্রবার রাতে ঘটনাটি ঘটেছে উত্তর ২৪ পরগনার অশোকনগর রেলওয়ে স্টেশন লাগোয়া যশোর রোডে। দিন ছয় আগে করোনা আক্রান্ত হয়ে উত্তর ২৪ পরগনার বারাসাতের কদম্বগাছির জেএনআরসি করোনা হাসপাতালে ভর্তি ছিলেন নির্মল দাস। চিকিৎসার পর শুক্রবার তার রিপোর্ট নেগেটিভ আসে। নেগেটিভ করোনা রোগীকে বাড়ি না পৌঁছে অশোকনগর রেলগেটের কাছে নামিয়ে চলে যাওয়ার ঘটনায় হতবাক এলাকাবাসী।

স্থানীয় সূত্রের খবর, ৬ দিন আগে অশোকনগর কল্যাণগড় পুরসভার ৫ নং ওয়ার্ডের কাঁকপুল এলাকার বাসিন্দা নির্মল দাস করোনা পজিটিভ হন। প্রশাসন তাকে চিকিৎসার জন্য বারাসত করোনা হাসপাতালে পাঠায়। শনিবার তাঁর পরীক্ষা করোনা নেগেটিভ আসে। এরপরেই নির্মল দাসেকে বাড়িতে পৌঁছে দেওয়ার নাম করে অশোকনগরে অ্যাম্বুলেন্সে করে নিয়ে আসার ব্যবস্থা করে প্রশাসন। অভিযোগ, অশোকনগর রেলগেট এলাকায় আসতেই তাকে জোর করে অ্যাম্বুলেন্স থেকে নামিয়ে দিয়ে অ্যাম্বুলেন্স নিয়ে ফেরত যায় চালক। নির্মলবাবু কোনও মতে বাড়িতে ফোন করে ঘটনাটি জানায়। কিন্তু বাড়ির আত্মীয়রা কোয়ারেন্টাইনে থাকায় তাকে নিতে আসতে পারেনি। বেশকয়েক ঘন্টা অসুস্থ অবস্থায় রাস্তায় পড়েছিলেন তিনি। এরপরে খবর পেয়ে অশোকনগর কল্যাণগড় পুরসভার প্রশাসক অনুপ রায় ও ৫ নং ওয়ার্ডের প্রাক্তন পুরপ্রতিনিধি সঞ্জয় রাহার উদ্যোগে পুরসভার অ্যাম্বুলেন্স করে বাড়িতে পৌঁছে দেওয়া হয়। সমস্ত ঘটনায় হতবাক পরিবার।

প্রাক্তন পুর প্রতিনিধি সঞ্জয়বাবু শনিবার দুপুরে অশোকনগর থানায় অভিযোগ দায়ের করেন অ্যাম্বুলেন্স চালক এবং হাসপাতালের বিরুদ্ধে। সঞ্জয় রাহা বলেন, এমন অমানবিক কাজ আর কারও সঙ্গে যাতে না হয় সেই কথা ভেবে ওই চালক ও হাসপাতালের বিরুদ্ধে অভিযোগ করেছি অশোকনগর থানায়। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছেন।

