“মারা গেছে গোরু পাচারকারী, উদয়ন গুহর স্বার্থ কিসের?”, প্রশ্ন দিলীপ ঘোষের

আমাদের ভারত, বর্ধমান, ১২ নভেম্বর: পেট্রোল ডিজেলের উপর থেকে রাজ্য সরকারকে ভ্যাট প্রত্যাহার করতে হবে এই দাবিতে বিজেপি নেতা দিলীপ ঘোষের নেতৃত্বে বর্ধমান শহরে বিজেপির মিছিল করার সময় সেই মিছিল আটকে দেওয়ার অভিযোগ উঠলো পুলিশের বিরুদ্ধে। ফলে পুলিশের সঙ্গে বিজেপি কর্মীদের ধ্বস্তাধস্তি বেধে যায়। প্রতিবাদে রাস্তার উপরেই বসে পড়েন দিলীপ ঘোষ, রাজু বন্দ্যোপাধ্যায় সহ অন্যান্য বিজেপি নেতারা।

রাজ্য সরকারের সমালোচনা করে দিলীপ ঘোষ বলেন, কেন্দ্রীয় সরকার পেট্রোপণ্যের দাম কমিয়েছে তারপরেই বিভিন্ন রাজ্যের সরকার প্রতিযোগিতা শুরু করেছে কতটা দাম কমানো যায় সেই বিষয়ে। কিন্তু এই রাজ্যে পেট্রোল ডিজেলের দাম কমানো হয়নি। কমানো হয়েছে মদের দাম। দিদিমণি কথায় কথায় বলে থাকেন এগিয়ে বাংলা। এখন বাংলার মানুষ বুঝতে পারছে বাংলা কোথায় এগিয়ে৷ বাংলা এগিয়ে পেট্রোল ডিজেলের দামে। পাশের রাজ্য বিহার, ঝাড়খন্ডে পেট্রোল ডিজেলের দাম এই রাজ্যের চেয়ে পনেরো থেকে কুড়ি টাকা কম। তাই বলবো শুধু ভাইদের কথা ভেবে মদের দাম কমালেই কি হবে। আমাদের কথাও ভাবুন।তাই তো আমরা রাস্তায় নেমেছি। আর পুলিশ আমাদের আটকাচ্ছে।

কোচবিহারের সিতাইয়ে বিএসএফের গুলিতে নিহতরা গোরু পাচারের সঙ্গে যুক্ত আছে বলে মন্তব্য করেন দিলীপ ঘোষ। তিনি বলেন, কোচবিহারে গোরু পাচারকারী মারা গেছে তাই উদয়ন গুহর খুব কষ্ট হয়েছে যে বাংলাদেশিরা কেন মারা গেছে? আসলে এরা নাকি ওদের ভোটার। এরাইতো শীতলকুচিতে গন্ডগোল করেছিল। আর ওনাকে এক লক্ষ ৬৩ হাজার ভোটে
জিতিয়েছিল। তাই তাদের খুব কষ্ট হয়েছে। তাদের স্বার্থে উদয়ন গুহ কেন বক্তব্য রাখছেন, কি তার স্বার্থ আছে সেটা সবাই এখন বুঝতে পারছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *