ভারত নামের ব্যবহার বৃদ্ধিই কি লক্ষ্য? রাষ্ট্রসঙ্ঘের মঞ্চে দেশকে “ইন্ডিয়া দ্যাট ইজ ভারত” বলে উল্লেখ জয়শঙ্করের

আমাদের ভারত, ২৭ সেপ্টেম্বর: মঙ্গলবার বিশ্বমঞ্চে দেশের ভারত নামটি সগর্বে তুলে ধরলেন বিদেশ মন্ত্রী এস জয়শঙ্কর। রাষ্ট্রসঙ্ঘের সাধারণ পরিষদে বক্তব্য রাখেন বিদেশ মন্ত্রী। বিভিন্ন দেশের প্রতিনিধিদের অভিবাদন জানাতে গিয়ে জয় শঙ্কর বলেন, “নমস্তে ফ্রম ভারত”।

তবে ইন্ডিয়া নামটি নিজের বক্তব্যের মধ্য থেকে বাদ কখনোই দেননি বিদেশ মন্ত্রী। দেশের কথা বলতে গিয়ে বেশিরভাগ সময় “ইন্ডিয়া”ই ব্যবহার করেছেন। কিন্তু বক্তব্য শেষ করেছেন একেবারে সংবিধানের ঘোষণা উল্লেখ করে। যেখানে দেশের নামের জায়গায় বলা আছে ইন্ডিয়া দ্যাট ইজ ভারত।

প্রসঙ্গত, চলতি মাসের গোড়ার দিকে জি-২০ সম্মেলনে দেশের ভারত নামটি সরকারিভাবে ব্যবহার করা শুরু করে মোদী সরকার। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর তরফে নৈশ ভোজের আমন্ত্রণপত্রে লেখা ছিল প্রেসিডেন্ট অফ ভারত। সম্মেলনে প্রধানমন্ত্রীর টেবিলের সামনে নেমপ্লেটে লেখা ছিল প্রাইম মিনিস্টার অফ ভারত। সম্মেলনে প্রধানমন্ত্রী আগাগোড়া হিন্দিতে ভাষণ দিয়েছেন। নিজের বক্তব্যে দেশের নাম ভারত বলেই উল্লেখ করেছেন তিনি। মঙ্গলবার বিদেশ মন্ত্রী ভারত নামটি তুলে ধরেন রাষ্ট্রসঙ্ঘের মঞ্চে, যা কিনা আক্ষরিক অর্থেই বিশ্ব মঞ্চ। এটা আগে কখনো হয়নি। তাই মনে করা হচ্ছে মোদী সরকার ইন্ডিয়া নাম রেখে আপাতত ভারতের ব্যবহার বাড়াতে চাইছে।

ভারত নামের পক্ষে সওয়াল করে সংঘ প্রধান ভাগবত বলেছিলেন ভারত নামটিকেই ব্যবহার করা উচিত। এটার সাথে দেশের সংস্কৃতি ঐতিহ্য জুড়ে আছে। এদিকে জয় শঙ্কর ভারত নামটি ব্যবহারের পাশাপাশি দেশের ইতিহাস ঐতিহ্যের কথাও তুলে ধরেন। ফলে মনে করা হচ্ছে ভারত নামের ব্যবহার বহুল করার দিকেই লক্ষ্য নির্ধারণ করেছে মোদীর ব্যাটালিয়ন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *