আমাদের ভারত, ২০ জুলাই: বাদল অধিবেশনে সরকার পক্ষ মণিপুর নিয়ে কথা বলতে রাজি বলে আগেই জানিয়ে দেওয়া হয়েছে। এবার
মণিপুরের ঘটনা নিয়ে মন্তব্য করলেন প্রধানমন্ত্রী। তাঁর কথায় যে কোনও সভ্য সমাজের জন্যই মণিপুরের ঘটনা লজ্জাজনক।
গত দু মাস ধরে জ্বলছে মনিপুর। আজ সেই মণিপুর নিয়ে মুখ খুললেন মোদী। দুই গোষ্ঠীর সংঘর্ষে দফায় দফায় অশান্তি ছড়িয়েছে। বহু মানুষ ঘরছাড়া। স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ সেখানে যাওয়ার পরেও শান্ত হয়নি পরিস্থিতি। বিরোধীরা বারবার মণিপুর প্রসঙ্গে প্রধানমন্ত্রীর বিবৃতি দাবি করেছে। কেন্দ্রও জানিয়েছিল, মণিপুর নিয়ে কথা বলতে তারা রাজি। এই পরিস্থিতিতে আজ বাদল অধিবেশন শুরুর আগেই মণিপুর নিয়ে বার্তা দিয়েছেন মোদী।
অতি সম্প্রতি একটি ভয়াবহ ঘটনার ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে। ভিডিওটিতে দেখা গেছে মণিপুরের রাস্তায় নগ্ন করে এক মহিলাকে হাঁটানো হচ্ছে। অভিযোগ, এই ঘটনা ৪ মে ঘটেছিল। সেদিন দুই মহিলাকে প্রকাশ্যে গণধর্ষণ করা হয় বলে অভিযোগ। ইন্ডিজেনাস ট্রাইবাল লিডার্স ফোরাম জানিয়েছে, ঐদিন দুই মহিলাকে গণধর্ষণ করা হয়। একজনকে হত্যা করা হয় বলে অভিযোগ। এই ঘটনায় গোটা দেশ সরব হয়েছে।
প্রধানমন্ত্রী আজ বলেন, মণিপুরের যে ঘটনা সামনে এসেছে তা যে কোনও সভ্য সমাজের জন্যই লজ্জাজনক। যারা এই কাজ করেছে তাদের জন্য গোটা দেশের লজ্জা। ১৪০ কোটি মানুষের লজ্জা। সব রাজ্যের মুখ্যমন্ত্রীদের উদ্দেশ্যে বার্তা দিয়ে তিনি বলেন, “আমি সব রাজ্যের মুখ্যমন্ত্রীদের আবেদন করছি নিজেদের রাজ্যে আইনি ব্যবস্থা মজবুত করুন। বিশেষ করে আমার মা-বোনেদের রক্ষার জন্য, কঠিন পদক্ষেপ করুন। রাজনীতি মতভেদের উপরে উঠে যেকোনো রাজ্যে আগে নারীর সম্মান রক্ষা করুন। কোনও অপরাধীকে ছাড় নয়। মণিপুরের মেয়েদের সঙ্গে যা হয়েছে তা ক্ষমার অযোগ্য।

