তৃণমূল শিক্ষক নেতা অশোক রুদ্র এ কি বললেন? “সংগঠন পরে, আগে মন দিয়ে শিক্ষকতাটা করুন”

সাথী দাস, পুরুলিয়া, ২০ নভেম্বর: “সংগঠন পরে, আগে মন দিয়ে শিক্ষকতাটা করুন।” পুরুলিয়ায় সংগঠনের জেলা সম্মেলনে এই ভাবেই শিক্ষকদের পরামর্শ দিলেন পশ্চিম বঙ্গ প্রাথমিক শিক্ষক সমিতির রাজ্য সভাপতি অশোক রুদ্র।

তিনি সরাসরি শিক্ষকদের উদ্দেশ্যে বলেন, “আমরা তো আমাদের ছেলে মেয়েদের ইংলিশ মিডিয়ামে বেসরকারি স্কুলে পড়াই। প্রান্তিক শ্রেণি গরিব ঘরের ছেলে মেয়েদের আশায় আমরা স্কুলে বসে থাকি। এবার তাদের যদি শিক্ষাদান না করতে পারি তাহলে তো আমাদের ভবিষ্যত অন্ধকার।” এই কথা বলে কার্যত বিরোধীদের উদ্দেশ্যে তির ছুঁড়লেন শিক্ষক নেতা রুদ্র।

যখন শিক্ষক নিয়োগ নিয়ে রাজ্য রাজনীতি তোলপাড় হচ্ছে তখন শাসক দলের ভাবমূর্তি উজ্জ্বল রাখতে এমন বক্তব্য বলে মনে করছেন উপস্থিত শিক্ষকদেরই একাংশ।

পশ্চিম বঙ্গ প্রাথমিক শিক্ষক সমিতির রাজ্য সভাপতি বলেন, “আমরা তো কোথাও বলি না যে স্কুল ফাঁকি দিয়ে আমাদের সংগঠন করুন। আগে স্কুলটা ভালো করে করুন। মমতা বন্দ্যোপাধ্যায়ের স্বপ্নটা সফল করুন, তারপর সাংগঠনিকভাবে মমতাদির হাতকে আরও শক্তিশালী করুন। যাতে শিক্ষক সমাজের দ্বারা মমতাদি আরো বেশ কয়েক বছর মানুষকে সেবা করতে পারেন।”

লক্ষ্য পঞ্চায়েত নির্বাচন। প্রাথমিক সংগঠনকে হাতিয়ার করে পঞ্চায়েত নির্বাচনী বৈতরণী পার করতে উদ্যোগী হচ্ছে শাসক তৃণমূল। আজ পশ্চিম বঙ্গ তৃণমূল প্রাথমিক শিক্ষক সমিতির পুরুলিয়া শাখার জেলা সম্মেলনে বক্তারা সেই বার্তা দিলেন। পঞ্চায়েত নির্বাচনের ভোটার তালিকা থেকে ভোটদান পর্ব পর্যন্ত কড়া নজর রেখে দলের পক্ষে কাজ করার নির্দেশ দেওয়া হয়।

বক্তাদের মধ্যে শিক্ষকদের সমস্যা দাবি দাওয়া নিয়ে আলোচনা না হওয়ায় চাপা ক্ষোভ দেখা দেয়। পুরুলিয়া রবীন্দ্র ভবনে আয়োজিত ওই অনুষ্ঠানে সংগঠনের রাজ্য সভাপতি অশোক রুদ্র ছাড়াও প্রাথমিক শিক্ষা সংসদের চেয়ারম্যান বিধায়ক রাজীব লোচন সরেন ও অন্যান্য নেতৃত্ব যোগ দেন। সংগঠনের জেলা সভাপতি বিমল কান্ত মাহাতো, উপদেষ্টা দিলীপ মণ্ডল বলেন, “সংগঠনের সদস্যদের উপস্থিতি হাজার ছাড়িয়ে গেছে। আমরা আপ্লুত। যাঁরা উপস্থিত হতে পারেন নি তাঁরা সম্মেলনে নেতৃত্বের নির্দেশ পরামর্শ জেনে নিচ্ছেন।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *