চুঁচুড়ায় প্রেমিকার বাবা মায়ের হাতে এলোপাথাড়ি মার খাওয়ার পর কি কান্ড ঘটালো প্রেমিক!

আমাদের ভারত, হুগলি, ৮ অক্টোবর: মেয়ের সঙ্গে প্রেম করায় মেয়ের প্রেমিককে এলোপাতাড়ি মারধর করার অভিযোগ উঠলো প্রেমিকার বাবা মায়ের বিরুদ্ধে। এই ঘটনায় অপমানে বাড়ি ফিরে বিষ খেয়ে প্রেমিকের আত্মহত্যার ঘটনায় চাঞ্চল্য ছড়াল। শুক্রবার রাতে ঘটনাটি ঘটেছে চুঁচুড়া থানার ঝিঙে পাড়া এলাকায়।

পুলিশ জানিয়েছে, মৃতের নাম রোহিত রাম (২০)। বাড়ি চুঁচুড়ার ঘুটিয়া বাজার কালীতলায়। মৃত ব্যক্তি স্থানীয় একটি আটাকলে কাজ করত।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ঝিঙে পাড়ার এক নাবালিকার সঙ্গে প্রেমের সম্পর্ক ছিল রোহিতের। মেয়ের সঙ্গে রোহিতের প্রেমের সম্পর্ক মেনে নিতে পারেনি বাবা-মা। দ্বাদশীর দিন রোহিত ঝিঙে পাড়ায় আটা কলে কাজ করে বাড়ি ফিরছিল। ওই সময় নাবালিকার মা কমলা পাল হাতে কাটারি নিয়ে রোহিতের দিকে তেড়ে যায়। তখন নাবালিকার বাবা দুঃখীরামও রোহিতকে ধাক্কা মেরে মাটিতে ফেলে দেয়। তখন কাটারি হাতে কমলা রোহিতকে প্রাণে মারার হুমকি দেয়। কাটারি হাতে ছুটে যাওয়া এবং রোহিতকে হুঁশিয়ারি দেওয়ার ঘটনা এক মহিলা মোবাইল বন্দি করেন বলে খবর। সেই ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়। প্রেমিকের বাবা মায়ের হাতে মার খেয়ে সেখান থেকে উঠে পায়ে হেঁটেই রোহিতকে বেরিয়ে যেতে দেখা যায়। এরপর রাতে অসুস্থ অবস্থায় রোহিতকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হলে তাকে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করে।

মৃতের ভাই রাহুল রাম প্রেমিকার বাবা- মায়ের নামে চুঁচুড়া থানায় লিখিত অভিযোগ দায়ের করে। রাহুলের দাবি, রোহিতকে দুঃখীরাম ও কমলা বেধড়ক মারধর করেছে। প্রাথমিক তদন্তের পর পুলিশের ধারণা, মৃত ব্যক্তি বিষ খেয়ে আত্মহত্যা করেছে। তবে মৃতের পরিবারের অভিযোগের ভিত্তিতে কমলা পাল নামে একজনকে গ্রেপ্তার করা হয়েছে। ঘটনার তদন্ত চলছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *