মাস্টারপ্ল্যান রূপায়িত না হওয়ার জন্য কেন্দ্রীয় সরকারের ওপর দোষ চাপালেন পশ্চিমাঞ্চল উন্নয়ন মন্ত্রী সন্ধ্যা রানি টুডু

কুমারেশ রায়, আমাদের ভারত, পশ্চিম মেদিনীপুর,
২ অক্টোবর: ঘাটাল মাস্টার প্ল্যান নিয়ে রাজনীতি দীর্ঘদিন ধরে চলছে। বন্যা এলেই মাস্টারপ্ল্যান নিয়ে চর্চা শুরু হয়। কিন্তু বন্যার দুর্ভোগ কাটে না ঘাটালের বাসিন্দাদের। মাস্টারপ্ল্যান রূপায়িত না হওয়ার জন্য রাজ্যের পশ্চিমাঞ্চল উন্নয়ন মন্ত্রী সন্ধ্যা টুডু কেন্দ্রীয় সরকারের ওপর দোষ চাপালেন।

তিনি আজ মনসুকা ১ গ্রাম পঞ্চায়েতের তিন নম্বর অঞ্চলে বন্যা পরিদর্শন করেন। কেন্দ্র মাস্টারপ্ল্যান রূপায়নের জন্য টাকা না দিলেও রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মাস্টার প্ল্যান নিয়ে কাজ শুরু করে দিয়েছেন বলে মন্ত্রীর দাবি। ওই এলাকায় বন্যা পরিদর্শনে এসে মন্ত্রী সন্ধ্যা দেবী বলেন, খুব ভয়ঙ্কর পরিস্থিতি। কেউ বাড়ির চালাতে আছে, কেউ ছাদে আছে, কেউ গাছে আশ্রয় নিয়েছে মানুষের সমস্যার কথা আমরা শুনেছি।

কেন্দ্রীয় সরকার এবং বাম সরকার মাস্টারপ্ল্যান রূপায়নে সহায়তা করেনি বলে মন্তব্য করে তিনি দাবি করেন।
তিনি এখানে দলবাজি করতে আসেননি। মানুষের পাশে থাকতে এসেছেন। মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী হওয়ার পর নাকি মাস্টার প্ল্যানের অনুদান ধাপে ধাপে পাওয়া যাচ্ছে এবং কাজও চলছে বলে মন্ত্রী অদ্ভুত দাবি করেন।

এইদিন মন্ত্রী বন্যা পরিদর্শনে এসে প্রায় আড়াইশো জন বন্যা প্লাবিত মানুষের হাতে বিভিন্ন সামগ্রী তুলে দেন।
মন্ত্রীর সঙ্গে ছিলেন ঘাটালের মহকুমা শাসক সুমন বিশ্বাস, দাসপুর ২ পঞ্চায়েত সমিতির সহ প্রশাসক আশিস হুদাইত, ঘাটাল পঞ্চায়েত সমিতির শিক্ষা কর্মাধ্যক্ষ বিকাশ কর।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *